বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বদর দিবসঃ মুসলিম উম্মাহর অস্তিত্বের শেকড়

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ৬ মার্চ ২০২৬ পাঠ: ৪৫ বার

ইতিহাস কেবল অতীতের গল্প নয়; এটি ভবিষ্যতের জন্য শিক্ষার দর্পণ। সেই দর্পণে যখন ধুলো জমে, তখন জাতি নিজের পরিচয় স্পষ্টভাবে দেখতে পারে না। তেমনি মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাসও আজ অনেকাংশে বিস্মৃত। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের চাপে উম্মাহ আত্মপরিচয়ের সংকটে ভুগছে। এই ক্রান্তিলগ্নে প্রয়োজন অস্তিত্বের শিকড়ে প্রত্যাবর্তন—আর সেই শিকড়ের অন্যতম ভিত্তি হলো বদর দিবস।

রাসুলুল্লাহ (সা.) নবুয়তপ্রাপ্ত হওয়ার পর মক্কার মুশরিকরা তাঁকে মেনে নেয়নি। ‘আল-আমিন’ উপাধিপ্রাপ্ত মুহাম্মদ (সা.) তাঁদের চোখে শত্রুতে পরিণত হন। মক্কায় ১৩ বছরের দাওয়াতি জীবনে তিনি নানাবিধ নির্যাতন ও ষড়যন্ত্রের মুখোমুখি হন। অবশেষে তাঁকে হত্যার পরিকল্পনা করা হলে আল্লাহর নির্দেশে তিনি ইয়াসরিবে (মদিনা) হিজরত করেন।

হিজরতের পর তিনি মদিনায় একটি সুসংগঠিত রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। মসজিদে নববী প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে। ‘মদিনা সনদ’ প্রণয়নের মাধ্যমে বহুজাতিক সমাজে সহাবস্থানের একটি লিখিত চুক্তি কার্যকর করেন, যা ইতিহাসের প্রাচীনতম লিখিত সংবিধানগুলোর একটি হিসেবে বিবেচিত। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে সামাজিক সংহতি জোরদার করেন।

অন্যদিকে মক্কার কুরাইশরা হিজরতের পরও ক্ষান্ত হয়নি। তারা অর্থনৈতিক শক্তি সঞ্চয় করে মদিনার নবগঠিত রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা করে। হিজরি ২য় সনের রজব মাসে রাসুলুল্লাহ (সা.) কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার গতিবিধি পর্যবেক্ষণে একটি ছোট দল পাঠান। এ সময় নাখলার ঘটনা ঘটে, যা উত্তেজনা বাড়িয়ে তোলে। পরবর্তীতে সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বৃহৎ কাফেলা ফেরার সংবাদে মুসলিমরা তা প্রতিহত করতে প্রস্তুতি নেন। খবর পেয়ে কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা হয়।

মুসলিমদের যুদ্ধপ্রস্তুতি ছিল সীমিত। তাদের সংখ্যা ছিল ৩১৩ জন; ছিল মাত্র দুটি ঘোড়া ও প্রায় ৭০টি উট। অপরদিকে কুরাইশদের ছিল প্রায় এক হাজার সৈন্য, একশো ঘোড়া ও বিপুল অস্ত্রসজ্জা। অবশেষে হিজরি ২য় সনের ১৭ রমজান, মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর উপত্যকায় সংঘটিত হয় ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ।

যুদ্ধের আগে রাসুলুল্লাহ (সা.) গভীরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন: “হে আল্লাহ! যদি এই দলটি বিনষ্ট হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর কেউ থাকবে না।” (আল-বিদায়া ওয়ান নিহায়া) আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যে ফেরেশতা প্রেরণের মাধ্যমে তাদের মনোবল দৃঢ় করেন। যুদ্ধে আবু জাহলসহ কুরাইশের প্রভাবশালী নেতারা নিহত হয়। শেষ পর্যন্ত কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পিছু হটে।

এই যুদ্ধে ১৪ জন মুসলিম শহীদ হন। কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হয়। বদরের বিজয় ছিল কেবল সামরিক সাফল্য নয়; এটি ছিল রাজনৈতিক স্বীকৃতি, অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন এবং মনস্তাত্ত্বিক দৃঢ়তার এক ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্র আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়।

বদর আমাদের শিক্ষা দেয়—সংখ্যা নয়, ঈমান, কৌশল ও ঐক্যই বিজয়ের মূল শক্তি। আজকের বিশ্ববাস্তবতায় মুসলিম উম্মাহ বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন। ইতিহাস-সচেতনতার অভাব ও আত্মপরিচয়ের দুর্বলতা তাদেরকে পিছিয়ে দিচ্ছে। অথচ বদরের প্রেরণা স্মরণ করায়, প্রতিকূলতার মধ্যেই পুনর্জাগরণের বীজ নিহিত থাকে।

অতএব, বদর দিবস কেবল স্মৃতিচারণের দিন নয়; এটি আত্মসমালোচনা ও পুনর্জাগরণের আহ্বান। অস্তিত্বের শিকড়ে ফিরে গিয়ে আদর্শিক দৃঢ়তা, জ্ঞানচর্চা ও ঐক্যের মাধ্যমে একটি মর্যাদাবান ভবিষ্যৎ নির্মাণই হোক আমাদের অঙ্গীকার।

লেখক: ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৬ মার্চ ২০২৬ তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!