সাফল্যের প্রত্যাশা, ব্যর্থতার দায় কার?
সাফল্যের প্রত্যাশা, ব্যর্থতার দায় কার?
যে বয়সে একজন তরুণের পৃথিবীকে নতুন করে আবিষ্কার করার কথা, নতুন স্বপ্ন বোনার কথা, সেই বয়সেই কেন কেউ কেউ জীবনের প্রতি আশা হারিয়ে ফেলে? একটি পরীক্ষায় ব্যর্থতা কি সত্যিই এত বড় যে, তার সামনে জীবনের অন্য সব সম্ভাবনা ম্লান হয়ে যায়?
সম্প্রতি HSC পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আত্মহত্যার খবর আমাদের এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ২০২৫ সালে ফল প্রকাশের পর বরিশালের নুসরাত জাহান নাসরিন এবং ঢাকার ইকরা তারাবি খানের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ২০২৬ সালের ৩১শে অক্টোবর ফল প্রকাশের দিন সাতক্ষীরার হৃদয় সরদার, লক্ষ্মীপুরের ভূমিকা রানী দাস এবং মাগুরার বাপ্পী বিশ্বাস ও অনন্যা শিকদারের মৃত্যুর খবরও প্রকাশিত হয়। এসব ঘটনা মনে করিয়ে দেয়, একটি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে। প্রকৃতপক্ষে, এবং একটি পরীক্ষার ফলই একজন শিক্ষার্থীর জীবনের মূল্য কিংবা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।
তবে সংকটটি শুধু HSC ফল প্রকাশের পর ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। আঁচল ফাউন্ডেশনের সংবাদমাধ্যমভিত্তিক সমীক্ষা অনুযায়ী, ২০২৩ সালে ৫১৩ জন, ২০২৪ সালে ৩১০ জন এবং ২০২৫ সালে ৪০৩ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া যায়। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ১৬৫টি স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংগ্রহ করা হয় যে, ওই বছর নিহত শিক্ষার্থীদের মধ্যে ১৯০ জন, অর্থাৎ ৪৭.৪ শতাংশ ছিল স্কুলপর্যায়ের শিক্ষার্থী। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৯৩টি বা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। (বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী)
মৃত্যুর এই হিসাবের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সংকটের চিত্রও উদ্বেগজনক। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায়, ২০২২ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১,৪৯৬ জন ১২–১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে দেখা যায়, ৬.৮ শতাংশ শিক্ষার্থী জীবনের কোনো এক সময়ে আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছে; ৩.২ শতাংশ জানিয়েছে, গত ১২ মাসে এমন চিন্তা এসেছে। এটি জাতীয় হার নয়, বরং একটি নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীদের ওপর পরিচালিত গবেষণার ফল। তবু এটি কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে।
একজন শিশু পরিবার ও সমাজের মধ্যেই বেড়ে ওঠে। তার আত্মবিশ্বাস, মূল্যবোধ এবং সফলতা-ব্যর্থতার ধারণা গঠনে এই দুই পরিবেশের প্রভাব থাকে। ছোটবেলা থেকেই যখন তাকে অন্যের সঙ্গে তুলনা করা হয়, ফলাফলের ভিত্তিতে বিচার করা হয় কিংবা ব্যর্থতার জন্য তিরস্কার করা হয়, তখন তার মধ্যে ব্যর্থতাভীতি ও হীনম্মন্যতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। তবে আত্মহত্যার পেছনে সাধারণত একটিমাত্র কারণ থাকে না। মানসিক অবসাদ, পারিবারিক সমস্যা, পড়াশোনার চাপ, আর্থিক সংকট, একাকিত্ব ও সাইবার বুলিংয়ের মতো একাধিক বিষয় ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীর সংকটকে শুধু ব্যক্তিগত দুর্বলতা হিসেবে না দেখে পরিবার, সমাজ ও বৃহত্তর পরিবেশের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি।
তাহলে এই সংকট থেকে উত্তরণের পথ কী? কেবল শিক্ষার্থীকে দোষারোপ কিংবা পরিবার-সমাজকে দায়ী করলেই সমাধান আসবে না; প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। পরিবারকে পরীক্ষার ফলের চেয়ে সন্তানের মানসিক সুস্থতা ও প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে এবং ব্যর্থতার সময় তিরস্কার না করে পাশে দাঁড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সেলর ও সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে; শিক্ষকদেরও মানসিক সংকটের লক্ষণ চিনে সহায়তা করার প্রশিক্ষণ দিতে হবে। সমাজকে ফলাফলনির্ভর সাফল্যের ধারণা থেকে বেরিয়ে এসে ব্যর্থ শিক্ষার্থীকে উপহাস না করে উৎসাহ দিতে হবে। পাশাপাশি, পুনরায় পরীক্ষা, ফল পুনর্নিরীক্ষণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মতো বিকল্প পথ সহজলভ্য করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হবে এসব উদ্যোগের জন্য কার্যকর, সহজলভ্য ও গোপনীয় সহায়তাব্যবস্থা গড়ে তোলা।
পরিশেষে বলা যায় , একজন শিক্ষার্থীর পরিচয় কখনোই তার পরীক্ষার ফল দিয়ে নির্ধারিত হয় না। পরিবারকে ব্যর্থতার দিনেও সন্তানের পাশে দাঁড়াতে হবে, আর সমাজকে ব্যর্থতাকে অপমানের বিষয় হিসেবে দেখার মানসিকতা বদলাতে হবে। আমাদের এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী ব্যর্থতার পরও নতুন করে স্বপ্ন দেখার সাহস পায়। কারণ একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে জীবনে ব্যর্থ হওয়া নয়।
মো: খালিদ হাসান
আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
