বেহাল সড়ক

বেহাল সড়ক
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ি-রতনপুর গ্রামের একমাত্র যোগাযোগ সড়কের সংস্কারকাজ দুই বছর ধরে চলমান থাকায় প্রায় ৩০ হাজার মানুষের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ মারাত্মক দুর্ভোগে পড়ছেন। বিভিন্ন সময় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার কারণে সংস্কারকাজ চলা
অবস্থাতেই আবারও ভেঙে যায়। রাস্তার এক পাশ উঁচু এবং আরেক পাশ নিচু হওয়ার ফলে বর্ষাকালে উঁচু স্থান থেকে বৃষ্টির পানি নেমে এসে সড়কের ব্যাপক ক্ষতি সাধন করে। এলাকাবাসী সখীপুর উপজেলা পরিষদ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে বারবার তাগাদা দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সাময়িকভাবে ভাঙা ইট ও মাটি দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করা হলেও এলাকাবাসী এর স্থায়ী সমাধান দাবি করছেন।
শাহাদাত হোসেন শিহাব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

