প্রতিজ্ঞা হোক ভাষায় মাসে শুদ্ধ বাংলা ভাষার চর্চার

বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। শুদ্ধ বাংলা ভাষার চর্চা শুধু ভাষার মর্যাদা রক্ষার জন্যই নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভাষার প্রতি শ্রদ্ধাশীল হলে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে পারব। শুদ্ধ বাংলা চর্চা করতে হলে আমাদের ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতন হতে হবে। আমাদের দৈনন্দিন কথোপকথনে ইংরেজি ও বাংলা মিশিয়ে কথা বলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেমন, “আজকের মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট” বা “তুমি কি টেক্সট করেছ?”—এ ধরনের বাক্য আমাদের মাতৃভাষার বিশুদ্ধতা ক্ষতিগ্রস্ত করছে। ভাষার মাস শুধু আনুষ্ঠানিকতা পালনের সময় নয়, বরং এটি আমাদের শুদ্ধ বাংলা চর্চার শপথ নেওয়ার সময়। ভাষা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে হলে আমাদের নিজেদের ভাষার প্রতি যত্নশীল হতে হবে। শুদ্ধ বাংলা চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে। একুশের চেতনা কেবল ফেব্রুয়ারির গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সারাবছর আমাদের ভাষাচর্চায় প্রতিফলিত হলেই ভাষা আন্দোলনের প্রকৃত স্বার্থকতা অর্জিত হবে। এবারের ভাষার মাসে আমাদের অঙ্গীকার হোক—শুদ্ধ বাংলা ভাষার চর্চা, সঠিক বানান ও উচ্চারণের প্রতি যত্ন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা!

