শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

সংগঠন পরিচিতি ও গঠনতন্ত্র

সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়

প্রথম ভাগ: সংগঠনের নাম, ইতিহাস, প্রবর্তন ও প্রয়োগ

ধারা-০১: নাম, ইতিহাস, প্রবর্তন ও প্রয়োগ

  • (ক) নাম: এই সংগঠনের নাম বাংলায় ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’, ইংরেজিতে Bangladesh Tarun Column Lekhok Forum, সংক্ষেপে BTCLF হবে।
  • (খ) সংগঠনের ইতিহাস: গঠনতন্ত্রের প্রস্তাবনায় উল্লিখিত বক্তব্য ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর সংক্ষিপ্ত ইতিহাস।
  • (গ) প্রবর্তন ও প্রয়োগ: ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ ২০১৮ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ধারা-০২: প্রতীক

এই সংগঠনের প্রতীক একটি চতুর্ভুজের অভ্যন্তরে খোলা কাগজ। যার ওপর শানিত কলম। তার ওপর একটি প্রজ্জ্বলিত বাতি। বাতির অভ্যন্তরে বিশ্ব। ওপরে লেখা রয়েছে সংগঠনের স্লোগান, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’। নিচে লেখা ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’।

ধারা-০৩: মূলমন্ত্র

এই সংগঠনের মূলমন্ত্র ‘তারুণ্যের শানিত কলমে আলোকিত ধরণী’

ধারা-০৪: স্লোগান

এই সংগঠনের স্লোগান ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’

ধারা-০五: প্রকৃতি ও বৈশিষ্ট্য

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি শিক্ষামূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন; যা শিক্ষার্থীদেরকে লেখালেখির জগতে নিয়ে এসে তাদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

ধারা-০৬: লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হবে নিম্নরূপ:-

  • (ক) শিক্ষার্থীদেরকে লেখালেখিতে উদ্বুদ্ধ করে সৃজনশীল লেখক হিসেবে গড়ে তোলা।
  • (খ) মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • (গ) সুন্দর সমাজ বিনির্মাণে সমাজে বিদ্যমান কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ, সন্ত্রাস, দুর্নীতিসহ সমসাময়িক আর্থ-সামাজিক ও বৈশ্বিক নানা ঘটনাবলীর গঠনমূলক সমালোচনা, ইতিবাচক সমাধান এবং সম্ভাবনা লেখনীর মাধ্যমে তুলে ধরা।
  • (ঘ) তরুণ লেখকদেরকে একই প্ল্যাটফর্মে একত্রীকরণ।

ধারা-০৭: দাপ্তরিক ভাষা

এই সংগঠনের দাপ্তরিক ভাষা হবে বাংলা ও ইংরেজি

ধারা-০৮: সাংগঠনিক বছর

এই সংগঠনের সাংগঠনিক বছর হবে ০১ আগস্ট থেকে ৩১ জুলাই

ধারা-০৯: গঠনতন্ত্র কার্যকর

  • (ক) এই সংগঠনের গঠনতন্ত্র ২০২০ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে।
  • (খ) এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে গঠনতন্ত্র কার্যকর হওয়া অবধি সকল কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে বলে বিবেচিত হবে।

ধারা-১০: কেন্দ্রীয় কার্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (অস্থায়ী) কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিগণিত হবে।

২য় ভাগ: বৈশিষ্ট্য ও কার্যাবলি

ধারা-১১: বিষয়াবলী

  • (ক) মুখ্য বিষয়াবলী: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি বিশেষায়িত সংগঠন হিসেবে পত্রিকায় প্রকাশ উপযোগী কলাম নিয়ে কাজ করবে। এখানে কলাম বলতে প্রবন্ধ, নিবন্ধ, বিশ্লেষণধর্মী মতামত, ফিচার, চিঠিপত্র, বিশেষ প্রতিবেদন প্রভৃতি বোঝাবে।
  • (খ) অন্যান্য বিষয়াবলী: এই সংগঠন কলাম লেখার পাশাপাশি লেখালেখির অন্যান্য দিক যেমন:- গল্প, কবিতা, উপন্যাসসহ সাহিত্যের সকল বিষয়ে সদস্যদের দক্ষ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

ধারা-১২: কার্যাবলি ও কার্যক্রম এলাকা

১. কার্যাবলি:

  • (ক) তরুণ নবীন লেখকদের পরামর্শ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করা।
  • (খ) সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এবং পাঠচক্রের আয়োজন করা।
  • (গ) নবীন লেখকদের লেখা সম্পাদনা এবং প্রকাশের ব্যবস্থা করা।
  • (ঘ) সাপ্তাহিক এবং মাসিক সভার আয়োজন করা।
  • (ঙ) সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ করা।
  • (চ) মাসিক সেরা লেখক পুরস্কার প্রদান করা।
  • (ছ) বর্ষসেরা তরুণ কলাম লেখক সম্মাননা প্রদান করা।
  • (জ) স্বনামধন্য লেখকদের সাথে তরুণ লেখকদের সেতুবন্ধন গড়ে তোলা。
  • (ঝ) লেখালেখির মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা।
  • (ঞ) বিশেষ দিবসসমূহে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা।
  • (ট) সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সময়োপযোগী কার্যক্রম পরিচালনা করা।

২. কার্যক্রম এলাকা:

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সমগ্র বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।