আমি তো অবিনশ্বর হতে চাই
আমি তো অবিনশ্বর হতে চাই
আমার তো মনে হয়, আমি কোকিল হয়ে যাই ;
মধুর সুর ধরে গুনগুনিয়ে গেয়ে যাই প্রকৃতির অজস্র মায়াবী গান।
আমার তো ইচ্ছে হয়, অন্ধকারের শেষ সীমানায় জোনাকি হই ;
আমার আলোতে নিকষ কালো অন্ধকার ঘুঁচে যাক নিয়মের উর্ধ্বে উঠে।
আমার তো মন বলে, আমি রোমাঞ্চকর জলধারা হই ;
আমার চলার ছন্দে জীবন মাতানো জলরাশি হয়ে উঠুক অনুপ্রেরণার উৎস।
আমার তো মনে হয়, আমি ঝরনা হয়ে যাই ;
আমার প্রানবন্ত ধারায় মানুষের কুশ্রী মনের সমাপ্তি ঘটে সুপ্ত শিশুমন বেরিয়ে আসুক।
আমার তো ইচ্ছে হয়, আমি ছন্দ জাগানো শিলা হই ;
যেখানে প্রবাহমান বারি প্রকৃতির সেতারে সুর ধরে।
আমার তো মন বলে, আমি পাহাড় হয়ে যাই;
অচল এই আমিই আবার পাহাড়িদের নেশাময় স্বপ্ন হই।
আমার তো মনে হয়, আমি শুকতারা হই ;
অগণিত তারাদের মাঝে আমি ব্যতিক্রম হয়ে জ্বলজ্বল করি।
আমার তো ইচ্ছে হয়, শীতের সোনালী রোদ্দুর হই ;
আমাকে খুব করে চাইবে চাদর জড়ানো প্রেমী মানুষগুলো।
আমার তো মন বলে, আমি সবুজ ছায়াঘেরা বাগান হই ;
মানব মনকে তৃপ্ত করা এক অকৃত্রিম সুখ ছড়িয়ে যাই।
আমার তো খুব করে ইচ্ছে হয়, আমি বিস্তীর্ণ সুখময় প্রকৃতি হই ;
যার খোঁজে ছুটে চলে তৃষ্ণার্ত ছন্দময় প্রকৃতি প্রেমীরা।
এভাবেই আমি জন্ম-জন্মান্তরে বেঁচে থাকতে চাই।
✍️জারিয়াতুল হাফসা
