চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের ব্লাড ব্যাংক সম্প্রসারণ জরুরি
বরাবর,
সম্পাদক,
মহোদয়,
চিঠিপত্র’ কলামে জনস্বার্থে নিচের লেখাটি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের ব্লাড ব্যাংক: বিশাল চাহিদার বিপরীতে নগণ্য ব্যবস্থাপনা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল দক্ষিণ বাংলাদেশের কোটি মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল। কেবল চট্টগ্রাম মহানগরীই নয়, বরং কক্সবাজার, ফেনী, নোয়াখালী এবং তিন পার্বত্য জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন জীবন বাঁচানোর তাগিদে। ৩,০০০ শয্যার এই সুবিশাল হাসপাতালে প্রতিদিন যে পরিমাণ মুমূর্ষু রোগী চিকিৎসাধীন থাকেন, তাদের জন্য রক্তের চাহিদা অপরিসীম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, হাসপাতালের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ‘ব্লাড ব্যাংক’ বা রক্ত সঞ্চালন বিভাগটি বর্তমানে নানাবিধ সীমাবদ্ধতায় ধুঁকছে।
সম্প্রতি এই হাসপাতালে রক্তদান করতে গিয়ে এক হতাশাজনক চিত্রের সম্মুখীন হতে হয়েছে। প্রতিদিন যেখানে কয়েকশ ব্যাগ রক্তের প্রয়োজন, সেখানে রক্ত সংগ্রহের জন্য বেড রয়েছে মাত্র ৭টি! ৩,০০০ শয্যার একটি বিশাল হাসপাতালের বিপরীতে এই সংখ্যাটি কেবল অপ্রতুলই নয়, বরং হাস্যকর। এর ওপর জনবল সংকট আরও প্রকট; মাত্র ৩ জন কর্মী দিয়ে পুরো ইউনিটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে রক্তদাতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছেন। দ্রুত শয্যা সংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।
বিনীত,
আবু রাফে উমায়ের
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চট্টগ্রাম কলেজ।
- মোবাইল: 01949174774

