প্যারেড মাঠের সংস্কার চাই

- চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠ শুধুই একটি খেলার মাঠ নয়, বরং এটি চট্টগ্রামের শত বছরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। তবে পরিতাপের বিষয় হলো, বর্তমানে প্যারেড মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়। মাঠের কোথাও ঘাসের চিহ্ন নেই, বরং পুরো মাঠ ধুলোর স্তূপে ঢাকা পড়েছে। চট্টগ্রাম কলেজ ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মাঠটি ব্যবহার করে থাকে। তাছাড়া জনসভা, মাহফিল, জানাজা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও মাঠটি ব্যবহৃত হয়। অথচ মাত্রাতিরিক্ত ধুলোর কারণে ঐতিহাসিক এই মাঠটি ক্রমাগত তার নান্দনিকতা হারিয়ে ফেলার পাশাপাশি পরিবেশকে দূষিত ও অস্বাস্থ্যকর করে তুলছে। পরিকল্পিতভাবে পুরো মাঠে ঘাস রোপণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে ঐতিহাসিক এই মাঠটি সংরক্ষণ করা এখন সময়ের দাবি। ঐতিহ্যবাহী এই মাঠটিকে রক্ষা করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৪ মার্চ ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।

