অলংকার মোড়ে ফুট ওভারব্রিজ চাই

- অলংকার মোড় চট্টগ্রাম নগরীর একটি অন্যতম ব্যস্ত এলাকা। নগরীর এই জায়গাটিতে সবচেয়ে বেশি বাস কাউন্টার থাকায় এখান থেকেই দূরপাল্লার অধিকাংশ বাস ছেড়ে যায়। তাই এখানে ২৪ ঘন্টাই যানবাহনের তীব্র চাপ থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং নগরীর অভ্যন্তরীণ সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সড়কটি ব্যবহার করে। তাছাড়া অলংকার মোড় সংলগ্ন এ.কে.খান এবং চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত সিটি গেটে উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্টস থাকায় কর্মজীবী মানুষগুলো পায়ে হেঁটে এই ব্যস্ত সড়ক পারাপার হয়ে তাদের কর্মস্থলে যায়। অথচ হাজার হাজার মানুষের রাস্তা পারাপারের জন্য এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই। পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ি পাশ কাটিয়ে রাস্তা পার হতে হয়। ফলস্বরূপ চালকদের বেপরোয়া গতির কারণে ছোট-বড় দুর্ঘটনা এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই দুর্ভোগ লাঘব করা। একটি পরিকল্পিত পদচারী সেতুই পারে এই ব্যস্ততম সড়ককে দুর্ঘটনামুক্ত রাখতে। নগরীর যানজট নিরসন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অলংকার মোড়ে দ্রুত একটি আধুনিক এবং প্রশস্ত ফুটওভার ব্রিজ নির্মাণ করা এখন সময়ের দাবি।
লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত।

