সিলেট চট্টগ্রাম রুটে নৈমিত্তিক দুর্ভোগ

সিলেট-চট্টগ্রাম রুটে নৈমিত্তিক দুর্ভোগ
তানভীর আহমদ রাহী
সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেনযাত্রা যেন দুর্ভোগের আরেক নাম। ২০২৫ সালের ১৭ এপ্রিল, বৃহস্পতিবার এই দিনে শায়েস্তাগঞ্জ স্টেশনে ট্রেনের আসার কথা ছিল দুপুর ১টা ৫৭ মিনিটে। কিন্তু বাস্তবে ট্রেন আসে বিকেল ৩টার পর। এটি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়; প্রায় প্রতিদিনই যাত্রীরা এ ধরনের দেরির শিকার হচ্ছেন। কখনো কখনো ৩-৪ ঘণ্টাও অপেক্ষা করতে হয়। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে সময়মতো পৌঁছাতে পারেন না, যার ফলে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু ট্রেন দেরি করাই নয়, টিকিট সমস্যাও মারাত্মক। পর্যাপ্ত সিট না থাকা এবং যেগুলো থাকে, তা ব্ল্যাকারদের কবলে চলে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। সিট না পেয়ে অনেককে দাঁড়িয়ে যেতে হয়, ফলে প্রকৃত যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন। এইসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এবং সম্মানের সঙ্গে রেলসেবা উপভোগ করতে পারে।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স প্রথম বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ

