ক্যাম্পাসের রাস্তা

ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশেই রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। প্রবেশপথের পাশে
চলাচলের মূল সড়কের অবস্থা অনেকাংশে ভালো হলেও
বিপত্তি ঘটে কিছুটা ভেতরকার রাস্তাগুলোতেই। বিষয়টা
অনেকটা ‘বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাটের’ মতো।
উইকিপিডিয়া অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩২ হাজার। শিক্ষক,
শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নানান পেশাজীবী ও
বহিরাগতদের যাতায়াতে সর্বক্ষণ মুখর থাকে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একর। সড়কের দুর্দশা প্রাত্যহিক
জীবনের জন্য বিপত্তিকর। শুকনো মৌসুমের চেয়ে বর্ষা
মৌসুমে পড়তে হয় বেশি বিপাকে। অনেক সময় বৃষ্টির
পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্দশাগ্রস্ত সড়কের
অজুহাতে রিকশাচালকের বেশি ভাড়া দাবি করার
বিষয়টিও দৈনন্দিন ঘটনা। স্বাভাবিক যাতায়াতের স্বার্থে
বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোর দ্রুত মেরামত জরুরি। এ
ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

