শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

মায়ের সঙ্গে কাটানো লাল নীল বিকেলবেলা

Author

নাঈমা ইসলাম , মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১২ মে ২০২৬ পাঠ: ২১ বার

মা পৃথিবীর সমস্ত সুখের নাম। বিশেষ করে মেয়েদের জীবনে মায়ের ভূমিকা সর্বক্ষেত্রে। আমাদের জীবনের প্রথম বন্ধু আমাদের মা। মন খারাপের দিনে মায়ের সাথে কিছুক্ষণ কথা বললেই মনের মেঘ কোথায় যেন উড়ে যায়!

আমি ছোটোবেলা থেকেই খুব মা ঘেঁষা। আমার বিকেলগুলোর প্রায় সবই আমার মায়ের সাথে কাটানো। এখন পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকতে হয়। কিন্তু বিকেল হলেই মায়ের সাথে কাটানো সেই বিকেলগুলো খুব মিস করি। মা রান্না করত আর আমি মায়ের পাশে বসে থাকতাম। মায়ের রান্না দেখতাম,গল্প করতাম, বায়না ধরতাম আমার প্রিয় খাবারের। স্কুলে কি কি হল, কোন ক্লাসে কে কি করল, টিফিনে কি খেয়েছি, রাস্তায় কি দেখেছি, টাকা জমিয়ে কিনা আমার নতুন বইটার কাহিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বলা চাই। মা মুখে হাসি নিয়ে সব শুনতো আর রান্না করতো। মাঝে মাঝে আগ্রহ নিয়ে এটা ওটা জিজ্ঞেস করতো। তাঁর ছেলেবেলার গল্প করতো। আসলে তখন বুঝিনি ও-ই সময়টায় আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো পার করেছি। ইস যদি মুহূর্ত কিনা যেতো তাহলে সেই মুহূর্তগুলো কিনে লাল নীল সুন্দর সুন্দর ফ্রেমে বন্দী করে রেখে দিতাম আজীবনের জন্য। মায়ের সাথে কাটানো সেই বিকেলগুলো আমার কাছে অনেক দামি। এখনো বিকেলে মায়ের সাথে গল্প হয় কিন্তু ভিডিও কলে। আমার খুব বাগান করার শখ। মা পুরো উঠোন ঘুরে ঘুরে আমার গাছগুলোকে দেখায় আর বলে কবে বাড়ি আসবি। তখন খুব মন খারাপ হয়।

মা আমার ছায়া সঙ্গী। আমার জীবনের সর্বক্ষেত্রেই মায়ের অস্তিত্ব বিরাজমান। আমার সব ভালো লাগা, মন্দ লাগা, আমার সাফল্য, যে কোনো সিদ্ধান্ত সবকিছুর প্রথম শ্রোতা আমার মা। মাকে নিয়ে লিখতে বসলে কখনো শেষ হবে না। অনুভূতি গুলোকে ভাষায় প্রকাশও করা যাবে না। মাকে ছাড়া আমি অসম্পূর্ন। কখনো এভাবে লিখে বলাও হয়নি। আজ মা দিবসে তোমাকে বলছি, আমার আগামীর পথচলায় প্রতিটি পদক্ষেপে তোমাকে চাই যেভাবে তুমি পৃথিবীর সকল মন্দ থেকে আগলে রেখেছো আমাকে। তোমাকে অনেক অনেক ভালোবাসি মা।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!