বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অসুস্থতাও আল্লাহর নেয়ামত

Author

মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ পাঠ: ১৩ বার

যাপিত জীবনের সব কাজ উৎফুল্লতার সঙ্গে সম্পন্ন করতে সুস্থতা একটি আবশ্যক বিষয়। সুস্থ মন ও দেহ ছাড়া দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফুরন্ত এক নেয়ামত। এ নেয়ামতের গুরুত্ব ও মূল্য একজন অসুস্থ ব্যক্তিই ভালোভাবে অনুধাবন করতে পারে। মানবদেহে অসুস্থতা জেকে বসলে দুনিয়াবি কার্যাবলির পাশাপাশি দ্বীনি ইবাদতেও ব্যাঘাত ঘটে। ফরজ ও ওয়াজিব ইবাদতগুলো কষ্টের সঙ্গে আদায় করলেও সুন্নত ও নফল ইবাদতগুলো অধিকাংশ সময় ছুটে যায়। তবে, মুমিন-মুসলিম বান্দাদের জন্য অসুস্থতাও এক নেয়ামত।

নবি (সা.) বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। (মুসলিম, ২৫৭৩)। অর্থাৎ, অসুস্থতা মুমিন বান্দার গুনাহ মাফের অন্যতম মাধ্যম। যে অসুস্থতার কারণে তার ইবাদতে কিছুটা ভাটা পড়ে যাচ্ছে, সেই অসুস্থতাই তার আত্মার নেয়ামতের কাজ করছে।

অধিকন্তু, অসুস্থকালীন ধৈর্য ধারণের মাধ্যমে মুমিন বান্দার স্তর আল্লাহর কাছে উচ্চতর হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যেকোনো মুসলিমের গায়ে কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়ে অধিক (কোনো আঘাত লাগে), তার পরিবর্তে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ মাফ করে দেওয়া হয়। (মুসলিম, ৬৩২৭) অসুস্থতার কঠিন সময়ে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর ভরসা করার প্রতিদানস্বরূপ বান্দা এ পুরস্কার লাভ করে। সুস্থতাকালীন মুমিনের আমল; অসুস্থতায় তার জন্য পুণ্য বয়ে আনে। অপারগতাবশত আমল করতে না পারলে আদায়কৃত আমলের সমপরিমাণ সওয়াব তার জন্য বহাল থাকে। হাদিসের বর্ণনামতে, বান্দা যখন অসুস্থ হয় অথবা সফরে যায়, তখন তার জন্য সেই আমলের সওয়াবই লেখা হয়, যে আমল সে স্বগৃহে অবস্থানকালে সুস্থ থাকা অবস্থায় করত। (বুখারি, ২৯৯৬)। এত বড় প্রতিদান শুধু সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত আদায়ের কারণে।

মানুষ মাত্রই বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়। কেউ বিপদে পড়ে জীবন নিয়ে, কারও বা আফসোস হয় অপ্রতুল সম্পদ নিয়ে। পৃথিবীর বুকে কোনো মানুষই বিপদ-আপদ থেকে মুক্ত নয়। অসুস্থতা তেমনই এক আপদ। তবে, মুমিন বান্দারা এর ব্যতিক্রম। কেননা, অসুস্থতাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করে তার কাছে ক্ষমা প্রার্থনা ও ধৈর্য ধারণ করলে অগণিত সওয়াব অর্জিত হয়।

তবে, এজন্য পূর্ণশর্ত আল্লাহর ওপর পূর্ণ ঈমান ও নিয়তের একনিষ্ঠতা। অন্যথায়, অসুস্থতা শুধু এক শারীরিক ব্যাধি ছাড়া অন্য ফলপ্রসূ হবে না। হাদিসে আছে, মানুষকে তার দ্বীনের বা ঈমানের শক্তি অনুযায়ী পরীক্ষা করা হয়। যদি কারও দ্বীন মজবুত হয়, তবে তার বিপদও কঠিন হয়। আর যদি তার দ্বীনে দুর্বলতা বা নম্রতা থাকে, তবে তাকে সেই দ্বীনের মাত্রা অনুযায়ী পরীক্ষা করা হয়। (তিরমিজি, ২৩৯৮)

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৮ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।