হবিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ
প্রকাশ: ৮ আগস্ট ২০২৪ পাঠ: ৩৫ বার

হবিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট
তানভীর আহমদ রাহী
৩১ জুলাই রাত ৭টায় হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। পরদিন দুপুর ১২টার পর কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে এলেও, পুরোপুরি মেরামত না হওয়ায় টানা চারদিন বিদ্যুৎ সরবরাহ ছিল অনিয়মিত। এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর পাঁচ-ছয় ঘণ্টা বন্ধ থাকার অভিযোগ করেন স্থানীয়রা। এরমধ্যেই ৪ আগস্ট আবারও একই উপকেন্দ্রে গ্রিড লাইনের একটি ব্রেকারে ‘ফ্ল্যাশিং’ ঘটে। আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনো মেরামতের কাজ চলছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি দায়িত্বশীল কেউ। এ যেন হবিগঞ্জবাসীর নিত্যকার অভিজ্ঞতা। দুই-তিন দিন পরপরই একই ধরনের বিপর্যয়। শাহজীবাজার পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে একটানা সমস্যা, আর পুরো জেলা অন্ধকারে ডুবে যায়। এই বিদ্যুৎহীনতা শুধু সাধারণ মানুষ নয়, চরম বিপর্যয়ে ফেলে দিচ্ছে অফিস-আদালত, স্কুল-কলেজ, হাসপাতাল, এমনকি ফ্রিল্যান্সিংসহ অনলাইন নির্ভর পেশাজীবীদেরও। সরকার একদিকে বিদ্যুৎ খাতে অগ্রগতির কথা বললেও, অন্যদিকে একটি প্ল্যান্টে সামান্য দুর্ঘটনায় পুরো জেলা অচল হয়ে গেলে সেই উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের মতে, এই সমস্যার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং বিকল্প ব্যবস্থা না থাকা। হবিগঞ্জের ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের বাস্তবতা প্রমাণ করে, উন্নয়ন শুধু কথায় নয়, বাস্তবায়নেই জরুরি। মানুষ আর ভোগান্তি চায় না, চায় টেকসই সমাধান।
তানভীর আহমদ রাহী
চুনারুঘাট, হবিগঞ্জ
০১৮৯০০২০৮১৮
