আধুনিকতার ছোঁয়ায় বৈশাখ

‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি ‘ইতিহ’ শব্দ থেকে; যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস।
পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ ও অর্থবহ ইতিহাস। বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। বৈশাখ এলেই মাটির গন্ধ, গ্রামীণ মেলা, পান্তা-ইলিশ আর আলপনার রঙে ভরে উঠত চারপাশ। এটি ছিল নিখাদ লোকজ সংস্কৃতির প্রতিচ্ছবি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই চিরচেনা বৈশাখের রূপ বদলাচ্ছে।
বর্তমানে নগরজীবনের প্রভাবে বৈশাখ হয়ে উঠেছে আরও আড়ম্বরপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, কর্পোরেট আয়োজন, ফ্যাশননির্ভর উদ্যাপন— সব মিলিয়ে উৎসবের নতুন এক মাত্রা তৈরি হয়েছে। এতে ঐতিহ্যের সরলতা অনেক সময় আড়ালে পড়ে যাচ্ছে।
তবে পরিবর্তন মানেই ক্ষয় নয়। আধুনিকতার কারণে বৈশাখ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবাসী বাঙালিরাও সমান উৎসাহে উদ্যাপন করছেন এই দিনটি। প্রযুক্তি ও গণমাধ্যম বৈশাখকে দিয়েছে নতুন পরিচিতি।
তাই বলা যায়, বৈশাখ হারিয়ে যাচ্ছে না, বরং রূপান্তরিত হচ্ছে। এই পরিবর্তনের মাঝেও আমাদের দায়িত্ব হলো ঐতিহ্যের মূল চেতনাকে ধরে রাখা। কারণ বৈশাখ শুধু উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।
আল ইমরান
শিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ( তৃতীয় বর্ষ), আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
ই-মেইল alemran5180@gmail.com
ফোন নাম্বার – 01516537613

