চ্যাম্পিয়নদের রাজত্ব চলছেই
খেলাধুলা ছাত্রজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। খেলাধুলা যেমন শরীর ও মন ভালো রাখে, তেমনি খারাপ চিন্তা ও নেতিবাচক কাজ থেকেও দূরে রাখে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ কর্তৃক আয়োজিত “MIS Sports Weeks 2026”-এ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে MIS Kings। এই অর্জনের পেছনে রয়েছে পরিশ্রম, আবেগ, ভালোবাসা এবং একাগ্রতার অসাধারণ গল্প। প্রতিটি ট্রফির পেছনে থাকে কঠোর পরিশ্রমের ইতিহাস, আর MIS Kings তার ব্যতিক্রম নয়। ব্যাচের প্রতি ভালোবাসা, নিবেদন ও দলীয় ঐক্যের প্রতিচ্ছবি যেন সেই ট্রফি। ছেলে ও মেয়েদের যৌথ অংশগ্রহণেই এসেছে এই সাফল্য। টুর্নামেন্ট শুরুর আগে কিংসের মেয়েরা অংশগ্রহণ করবে না এমন খবর ছেলেদের অনেকটাই হতাশ করে দেয়। কারণ মেয়েদের পয়েন্ট ছাড়া চ্যাম্পিয়ন হওয়া প্রায় অসম্ভব ছিল। তবে অনেক বুঝানোর পর তারা অংশ নেয়, আর বরাবরের মতো এবারও ছিল অপ্রতিরোধ্য। প্রায় সব ইভেন্টেই তারা ফাইনালে উঠে এবং একটি বাদে সবগুলোতেই চ্যাম্পিয়ন হয়। কিংসের মেয়েরাই যে আসল শক্তি, সেটাই আবারও প্রমাণিত হয়।
ছেলেদের ইভেন্ট শুরু হয় ভলিবল দিয়ে। গত তিন বছর ধরে যেন এই ইভেন্টকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছে কিংস। এবারও ভলিবল থেকেই আসে প্রথম সাফল্য। তবে ক্রিকেট ও ব্যাডমিন্টনে বরাবরের মতো হতাশা সঙ্গী হয়। বিশেষ করে ব্যাডমিন্টনে MIS Stars ছিল পুরোপুরি অপ্রতিরোধ্য।ক্রিকেটেও অনেক প্রস্তুতি নেওয়ার পরও ফাইনালের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তবুও হাল ছাড়েনি কিংস। সবশেষে আসে ফুটবল কিংসের সবচেয়ে আবেগের জায়গা। প্রতি বছর ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ছিল দীর্ঘদিনের। এবার ফাইনালে প্রতিপক্ষ ছিল শক্তিশালী MIS Superior। ফাইনালের দিন সকাল থেকেই ছিল টানা বৃষ্টি। মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচ বিকেলে সরিয়ে নেওয়া হয়। দর্শকদের উপস্থিতিতে হাইভোল্টেজ ম্যাচে পরিণত হয় পুরো পরিবেশ।
প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচের শেষ মুহূর্তের গোলে অবশেষে ফুটবলে অভিশাপ কাটায় MIS Kings। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো দল। সেই আনন্দ যেন বলে দেয় পরিশ্রম, ধৈর্য আর ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। দুইবার ফাইনালে হেরে তৃতীয়বার এসে তারা বিজয় ছিনিয়ে আনে। এভাবেই নানা সংগ্রাম, আবেগ, ডেডিকেশন ও দলীয় ভালোবাসার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় MIS Kings। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ট্রফি এখন কিংসের ঘরে। এই অর্জন পুরো MIS Kings পরিবারের। এই স্মৃতি ভবিষ্যতে অনুপ্রেরণা হয়ে থাকবে সব কিংস ভক্তদের জন্য। অসাধারণ এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং MISAA কমিটিকে। ভবিষ্যতেও এমন আয়োজন চলমান থাকুক, আর ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক।
লেখক: সম্পাদকীয় পর্ষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
