উৎসবের নতুন ভাষা ও সৃজনশীলতার প্রকাশ

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির এক অনন্য প্রতীক, যেখানে মিশে আছে ঐতিহ্য আর বাঙালিয়ানার আবেগ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই উদযাপনে আধুনিকতার ছোঁয়া এখন স্পষ্টভাবে দৃশ্যমান। আমার দৃষ্টিতে, বৈশাখ এখন কেবল পান্তা-ইলিশ বা মঙ্গল শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি হয়ে উঠেছে সৃজনশীলতা প্রকাশের এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ায় বৈশাখী সাজ, থিমেটিক ফটোশুট, লাইভ কনসার্ট, ফুড ফেস্ট ও রেস্টুরেন্টগুলোর নতুন ধাঁচের আয়োজন সবকিছুতেই আধুনিকতার প্রতিফলন। তবে এর মাঝেও আমরা অনেকেই সচেতনভাবে ঐতিহ্যের উপাদানগুলো ধরে রাখার চেষ্টা করছি। সংস্কৃতি কখনো স্থির নয়, এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। আধুনিকতা যদি আমাদের শেকড় ভুলিয়ে দেয়, তবে সেটি সংস্কৃতির জন্য হুমকি। কিন্তু এই পরিবর্তন যদি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে, তবে সেটিই সংস্কৃতির প্রকৃত বিকাশ। তাই নির্দ্বিধায় বলা যায়, বৈশাখ হারিয়ে যাচ্ছে না, বরং সময়ের সঙ্গে নতুন রূপে নিজেকে সাজিয়ে নিচ্ছে।

