শজিমকে হাসপাতালে অব্যবস্থাপনা
বগুড়ার এক হাজার ২০০ শয্যাবিশিষ্ট শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ-শজিমেক হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন বগুড়াসহ পাশের কয়েকটি জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসে; কিন্তু অব্যবস্থাপনার কারণে এই প্রতিষ্ঠানটি সাধারণ রোগীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক রোগী সময়মতো চিকিৎসকের সাক্ষাৎ পান না। জরুরি বিভাগেও প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়।
হাসপাতালের ভেতরে দালাল চক্রের দৌরাত্ম্য চরমে। জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর পর্যন্ত প্রতিটি পদে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। সরকারি ওষুধ পর্যাপ্ত থাকার কথা থাকলেও রোগীদের অধিকাংশ সময় বাইরে থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিও অত্যন্ত নাজুক। ওয়ার্ডগুলোতে দুর্গন্ধ এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সুস্থ মানুষেরও অসুস্থ হওয়ার উপক্রম হয়। ট্রলি বা স্ট্রেচার পেতেও রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অথবা বাড়তি টাকা খরচ করতে হয়।
অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এ ধরনের অব্যবস্থাপনা সরকারি সেবার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। এমতাবস্থায়, শজিমেক হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে এবং দালালমুক্ত পরিবেশ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
