ইন্টারনেট ডাটা

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬ পাঠ: ৩৮ বার

ইন্টারনেট ডাটা
তানভীর আহমদ রাহী
এক সময় নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ডাটা দিয়ে নিয়মিত ভিডিও দেখা ও অনলাইন ব্যবহার করেও পুরো এক মাস নির্বিঘ্নে চলা যেত। অথচ বর্তমানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। একই ধরনের ভিডিও দেখা, অনলাইন ব্যবহারের সময় কম থাকা সত্ত্বেও সেই ডাটা এখন দশ দিনও টিকছে না। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে, ব্যবহার প্রায় আগের মতো থাকলেও ডাটা কেন এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এর পেছনে নেটওয়ার্ক ও সার্ভিস কাঠামোর পরিবর্তন একটি বড় কারণ হতে পারে। আগে ভিডিও স্ট্রিমিং তুলনামূলক কম ডাটা ব্যবহার করত, কিন্তু বর্তমানে অনেক প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে বেশি ডাটা খরচ হচ্ছে, যদিও ব্যবহারকারীর পক্ষ থেকে কোনো পরিবর্তন করা হয়নি। একই ভিডিও আগের মতো দেখার পরেও ডাটা খরচ বেড়ে যাওয়ায় বিষয়টি আরও সন্দেহজনক হয়ে উঠছে। এছাড়া নেটওয়ার্ক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ভিডিও বারবার বাফার হওয়া, পুনরায় লোড নেওয়া কিংবা অপ্রয়োজনীয় ডাটা ট্রান্সমিশনের ঘটনাও ঘটছে। ফলে ব্যবহারকারীর অজান্তেই অতিরিক্ত ডাটা খরচ হয়ে যাচ্ছে, যার সঠিক ব্যাখ্যা বা হিসাব গ্রাহক পাচ্ছেন না।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ডাটা প্যাকেজের কার্যকারিতা নিয়ে বাড়তে থাকা অভিযোগ। কাগজে কলমে এমবি বা জিবির পরিমাণ একই থাকলেও বাস্তবে তার ব্যবহারযোগ্য সময় আগের তুলনায় অনেক কমে গেছে বলে মনে করছেন গ্রাহকরা। এই অবস্থায় বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। ইন্টারনেট সেবার স্বচ্ছতা ও গ্রাহকের অধিকার নিশ্চিত করতে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব সহকারে নজরে নেওয়া জরুরি। ডাটা ব্যবহারের প্রকৃত হিসাব, নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং প্যাকেজ কাঠামো যাচাই না হলে সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ
০১৮৯০০২০৮১৮
