×সংক্ষিপ্ত জীবনী
ইমরান নাজির। দক্ষিণ বঙ্গের ব্যস্ত সমুদ্রবন্দর ও বাণিজ্যিক রাজধানী বিশ্রুত চট্টগ্রাম জেলার অন্তর্গত, চারিদিকে সিন্ধুর কলকল জলরাশি দ্বারা পরিবেষ্টিত স্বর্ণালী সন্দ্বীপের সর্বোত্তরে অবস্থিত সন্তোষপুর গ্রামে জন্ম নেওয়া এক তরুণ। অভাবের তাড়নায় অক্ষরজ্ঞান অর্জন করতে না পারা পিতৃ-প্রজনিকার সাত সন্তানের মধ্যে সে ষষ্ঠ সন্তান। গাঁয়ের স্রোতস্বিনীর কলকল ধ্বনির শ্রবণ, জোয়ার-ভাটার বহতা আর প্রকৃতির অপূর্ব রূপ দর্শনে বেড়ে ওঠা ইমরান নাজিরের প্রথম বিদ্যানিকেতন হলো বাড়ির পাশের ভোরবেলার মক্তব ও প্রাথমিক বিদ্যালয়।বর্তমানে সে প্রকৃতির রাণীখ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২১-২২ সেশনের স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করলেও সাহিত্যের প্রতি রয়েছে তার অগাধ আগ্রহ। তাই, প্রকৃতির অপূর্ব দৃশ্য, স্বদেশের চিত্র ও উম্মাহর করণীয়গুলোকে সাহিত্যের কাব্যিক ছন্দে সাজানোই তার লক্ষ্য হয়ে ওঠেছে। ‘মাটির গন্ধে প্রার্থনা’ তার প্রকাশিতব্য প্রথম কাব্যগ্রন্থ।