“ইবিতে চার দশকেও হয়নি ‘ইকসু’ নির্বাচন”

মো জাহিদুল ইসলাম জাহিদ , ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ পাঠ: ৩১ বার

“ইবিতে চার দশকেও কেন হয়নি ‘ইকসু’ নির্বাচন”
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আজ গৌরবের চার দশকেরও বেশি সময় পার করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে একবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দেখা গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইকসু’ (ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) গঠনের বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
ছাত্র সংসদ হলো সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও দাবি আদায়ের একটি বৈধ ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের মূল অংশীজন হয়েও শিক্ষার্থীদের নীতি-নির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব নেই। সুস্থ ধারার ছাত্ররাজনীতি, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ইকসু অত্যন্ত প্রয়োজনীয়।
দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ছাত্র সংসদের অভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদের আবাসন, পরিবহন, খাবারের মান, একাডেমিক পরিবেশ ও সেশনজটের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সংগঠিতভাবে তুলে ধরতে পারছে না। ফলে এসব সমস্যা দীর্ঘদিন ধরে সমাধানহীন থেকে যাচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, নিয়মিত ও স্বচ্ছভাবে ইকসু নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে। প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে, ক্যাম্পাসে জবাবদিহিতা বাড়বে এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
