দাউদকান্দির গোপালপুর ও কাটারাপাড়া ব্রিজ

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতাম্বর্দি থেকে বিটেশ্বর সড়কটি বর্তমানে অত্র অঞ্চলের কয়েক হাজার মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কার্পেটিং উঠে গিয়ে এখন চলাচলের অযোগ্য। এর ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গোপালপুর এবং কাটারা পাড়া ব্রিজ দুটি। সংস্কারের নামে ব্রিজ দুটি ভেঙে ফেলা হলেও দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ রহস্যজনকভাবে বন্ধ রয়েছে। ফলে মূল রাস্তা বিচ্ছিন্ন হয়ে যানবাহনগুলো এখন পাশের নিচু জমির ওপর দিয়ে চলাচল করছে।এই অমানবিক যাতায়াত ব্যবস্থার ফলে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে।
মুমূর্ষু রোগীর জীবন ঝুঁকি: কোনো মানুষ অসুস্থ হলে বা প্রসূতি মায়েদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। জমির কাদা ও গর্তে অ্যাম্বুলেন্স বা সিএনজি আটকা পড়ে থাকছে। সামান্য সময়ের অভাবে অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ছে।
শিক্ষার্থীদের ভোগান্তি: প্রতিদিন এই ভাঙা পথ এবং কর্দমাক্ত জমির ওপর দিয়ে স্কুল, কলেজের শত শত শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়। বর্ষার মৌসুমে মালামাল বা যাত্রী নিয়ে যানবাহনগুলো নিচু জমি থেকে উঁচু রাস্তায় উঠতে পারে না, ফলে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষায় বা ক্লাসে উপস্থিত হতে পারছে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতে বাধা: এই সড়কটি অত্র অঞ্চলের মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার প্রধান সংযোগ পথ। ব্রিজ দুটি ভাঙা থাকায় এবং বিকল্প রাস্তা না থাকায় জরুরি প্রয়োজনে রাজধানী বা বাণিজ্যিক শহর চট্টগ্রামে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
যানবাহনের ব্যাপক ক্ষতি: এবড়োখেবড়ো জমির ওপর দিয়ে চলতে গিয়ে সিএনজি, রিকশা ও পণ্যবাহী ট্রাকের যন্ত্রাংশ প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। এতে চালক ও মালিকরা চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
উন্নয়ন কাজ শুরু হয়ে এভাবে মাঝপথে বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। সামনে পূর্ণাঙ্গ বর্ষা মৌসুম আসার আগেই যদি এই ব্রিজ দুটির কাজ শেষ করা না হয়, তবে এই অঞ্চলটি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি —মানবিক দিক বিবেচনা করে দ্রুততম সময়ে গোপালপুর ও কাটারা পাড়া ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করুন এবং সড়কটি চলাচলের উপযোগী করে তুলুন
মো. জাহিদুল ইসলাম জাহিদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল : ০১৭০৬৫০০৩২৯
ইমেইল : jahid.iu.cmj.5@gmail.com

