কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুনদের প্রস্তুতি জরুরি

কখনো কি আমরা ভেবে দেখেছি – চাকরির বাজারের কাঠামো কীভাবে বদলে যাচ্ছে? বিশ্বব্যাপী কর্মসংস্থান ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। এটি কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয় বরং আজকের শিল্প ও প্রশাসনিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি থেকে শুরু করে প্রায় প্রতিটি পেশায় AI গভীরভাবে ঢুকে পড়ছে। বাংলাদেশের তরুণ যারা বিদেশে উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি এক বড় বাস্তবতা। যেখানে শুধু একাডেমিক ডিগ্রি আর যথেষ্ট নয়। বিভিন্ন উন্নত অর্থনীতির দেশে প্রতিযোগিতা ও চাকরিতে স্থায়ী হতে হলে তরুণদের ক্রমাগত নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং প্রযুক্তিগত সক্ষমতায় নিজেকে সাজিয়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো AI-ভিত্তিক সমাধান গ্রহণে অনেক দূর এগিয়ে গেছে। এর মানে যারা এইসব দেশে উচ্চশিক্ষা কিংবা কর্মজীবনের স্বপ্ন দেখেন, তাদের জন্য প্রযুক্তি সম্পর্কে সচেতনতা এবং দক্ষতা অপরিহার্য।
দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশি অনেক শিক্ষার্থী এখনো বুঝে উঠতে পারেননি আন্তর্জাতিক চাকরির বাজার কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে। যদিও প্রশাসন, তথ্যপ্রযুক্তি, নার্সিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঐতিহ্যবাহী ডিগ্রিগুলো এখনো মূল্যবান, তবে বিদেশি নিয়োগকর্তারা এখন এসবের পাশাপাশি প্রযুক্তি-সক্ষমতা চায়। যেমন : কানাডায় একজন নার্স AI-চালিত রোগী পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করছেন, আবার জার্মানির একজন প্রকৌশল যদি মেশিন লার্নিং-চালিত রক্ষণাবেক্ষণ নির্ভরশীল অ্যালগরিদম নিয়ে কাজ করতে পারেন, তখন বাংলাদেশের একই পেশার একজন প্রার্থী প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলে তিনি স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। এই চ্যালেঞ্জ শুরু হয় শিক্ষা থেকেই। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এখনো প্রযুক্তিগত প্রশিক্ষণ ও AI-ভিত্তিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ খুবই সীমিত। এখনো অনেক শিক্ষার্থী শুধু প্রথাগত পাঠ্যসূচির গণ্ডিতেই আবদ্ধ থাকেন। এই ব্যবধানই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার অন্যতম কারণ। এই ব্যবধান দূর করতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তরুণদের উচিত অনলাইন প্ল্যাটফর্ম, যেমন : Coursera, edX, Udemy ও LinkedIn Learning-এর মতো মাধ্যমে AI, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স ইত্যাদি বিষয়ে কোর্স করে নিজেদের আপডেট রাখা। এসব কোর্স সহজলভ্য, খরচও তুলনামূলক কম এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর পাশাপাশি সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতাও চাহিদাসম্পন্ন। বিশ্ববাজারে টিকে থাকার জন্য কেবল প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট নয়, নরম দক্ষতা বা soft skills—যেমন: যোগাযোগ দক্ষতা, দলগত কাজের সক্ষমতা, নেতৃত্ব, সমস্যা সমাধানের মানসিকতা ও মানসিক বুদ্ধিমত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। AI-নির্ভর কর্মক্ষেত্রে মানুষ ও যন্ত্রের যৌথ সহাবস্থান তৈরির জন্য প্রয়োজন মানসিক বুদ্ধিমত্তা। যারা বৈচিত্র্য মেনে চলতে পারবে এবং নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নিতে পারে তারাই এগিয়ে যাবে। ইংরেজি ভাষার দক্ষতা একটি বাধ্যতামূলক প্রয়োজন। বিশ্বব্যাপী অধিকাংশ প্রশিক্ষণ, প্রযুক্তি ও চাকরির ভাষা হলো ইংরেজি। AI টুলস ও ট্রেনিং মডিউল গুলোর বেশিরভাগই ইংরেজিতে। তাই শুধু মৌলিক যোগাযোগ নয়, পেশাগত প্রতিবেদন লেখা, আন্তর্জাতিক মিটিংয়ে অংশ নেওয়া বা ধারণা উপস্থাপন—সবকিছুতেই ইংরেজি ভাষার দক্ষতা বাড়তি মূল্য এনে দেয়।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা জরুরি। পাঠ্যক্রমে কোডিং, ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর মতো বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, যেন শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে। কারিগরি ও পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে হ্যান্ডস-অন ট্রেনিং, শিল্পভিত্তিক সফটওয়্যার শেখানো এবং বাস্তব কাজের সুযোগ বাড়াতে হবে, যাতে তরুণরা দক্ষতার সঙ্গে চাকরি ও উদ্যোক্তা বান্ধব হতে পারে। ক্যারিয়ার কাউন্সেলিং সেবাকে তথ্যনির্ভর ও যুগোপযোগী করতে হবে যেন শিক্ষার্থীরা আগেই জানতে পারে কোন কোন স্কিলের চাহিদা দিন দিন বাড়ছে এবং তারা কোন পথে অগ্রসর হলে সর্বোচ্চ সফলতা পেতে পারে। বিচ্ছিন্ন নয়, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সুযোগের দরজা যেমন উন্মুক্ত হচ্ছে তেমনি পিছিয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। তাই উন্নয়নের পথ হতে হবে পুরো তরুণ সমাজকে নিয়েই। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, বিশেষ তহবিল ও সহায়তার সুযোগ বাড়াতে হবে। শহরের গণ্ডি পেরিয়ে গ্রামাঞ্চলেও ডিজিটাল শিক্ষা পৌঁছে দিতে হবে। এর জন্য দরকার সাশ্রয়ী ডিভাইস, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও কমিউনিটি-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। এখনকার উচ্চাকাঙ্ক্ষী তরুণদের উচিত ইন্টার্নশিপ, হ্যাকাথন, কোডিং বুটক্যাম্প কিংবা ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো অভিজ্ঞতা খোঁজা। এসব অভিজ্ঞতা বাস্তব কাজের অভ্যস্ততা তৈরি করে এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে। AI-সম্পর্কিত বৈশ্বিক কমিউনিটিতে অংশগ্রহণও নতুন ট্রেন্ড ও প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকতে সাহায্য করে। একইভাবে, অভিবাসন নীতি বা শ্রম বাজারের চাহিদা সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিদেশে ক্যারিয়ার গড়তে চান, তাদের এই তথ্য সম্পর্কে জানাশোনা জরুরি। কারণ নিয়োগ প্রক্রিয়ায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। যেমন: রেজ্যুমে স্ক্রিনিং, ভিডিও ইন্টারভিউ বিশ্লেষণ থেকে শুরু করে প্রার্থীর পারফরম্যান্স অনুমান করতেও AI ব্যবহার করা হচ্ছে। এই প্রক্রিয়া বুঝতে পারলে আবেদনকারীরা নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। তবে AI-ভিত্তিক ফিল্টারিংয়ে ন্যায্যতা ও স্বচ্ছতার বিষয়েও সচেতন থাকা দরকার। চ্যালেঞ্জ যেমন আছে, সুযোগ তার চেয়েও বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অনেক পেশার জন্ম দিচ্ছে যা কয়েক বছর আগেও কেউ ভাবেনি। বাংলাদেশের তরুণদের এই সুযোগ কাজে লাগানোর মতো প্রতিভা, মেধা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আমাদের বিশাল প্রবাসী কর্মীবাহিনী ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে—যা প্রমাণ করে, আমরা আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করার সামর্থ্য রাখি। তবে এই সফলতা দীর্ঘস্থায়ী করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতেই হবে। শুধু সরকার বা প্রতিষ্ঠানকে দোষ দিয়ে বসে থাকলে চলবে না, নিজের প্রস্তুতি নিজেকেই নিতে হবে। প্রতিটি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীকে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে, মেন্টর খুঁজে নিতে হবে, নিজের দক্ষতাকে ডিজিটাল ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। বিশ্বের চাকরির বাজার বদলে গেছে, আর এই পরিবর্তনের গতি বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই যারা সত্যিই আন্তর্জাতিক পরিসরে ক্যারিয়ার গড়তে চান, তাদের দক্ষতা উন্নয়ন এখন আর বিকল্প নয় বরং অপরিহার্য এক বিষয়। ভাষা, প্রযুক্তি, সফট স্কিল ও AI এসব ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, যাতে আজকের চ্যালেঞ্জকে আগামী দিনের সম্ভাবনায় রূপ দেওয়া যায়।
শাহিদা জাহান ইরানী,
শিক্ষার্থী, এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি,
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
ইমেইল: sabihanajnin100@gmail.com

