বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ছিনতাইকারী : সমাজের এক কালো অধ্যায়

Author

শাহিদা জাহান ইরানী , ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৪৪ বার

ছিনতাইকারী : সমাজের এক কালো অধ্যায়

ছিনতাই—এটা শুধু একটি অপরাধ নয়, বরং আমাদের সমাজের বুকের ওপর জমে থাকা এক চাপা দীর্ঘশ্বাস। শহরের ঝলমলে আলোয় যখন মানুষ স্বপ্ন বুনে, তখনই কিছু অসাধু মানুষ সেই স্বপ্ন ছিনিয়ে নেয় অন্ধকারের নির্মম হাতছানিতে। ঢাকাসহ দেশের নানা প্রান্তে আজ ছিনতাইকারীরা ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা কখনো মোটরসাইকেলের গতি ঝড়ের মতো ছুটে আসে, কখনো ছুরি কিংবা আগ্নেয়াস্ত্রের ঝলকে কেড়ে নেয় মানুষের শেষ সম্বল। বিশেষ করে নারীরা আজ বেশি অসহায়—তাদের গলার চেইন, হাতের ব্যাগ আর মোবাইল ফোন যেন এই অপরাধীদের সহজ শিকার হয়ে উঠেছে।

এই অপরাধীরা শুধু রাতের আঁধারে নয়, বরং দিনের আলোতেও সাহসী হয়ে উঠেছে। ব্যস্ত সড়ক হোক কিংবা নির্জন গলি—তাদের দখল থেকে কেউই আজ আর নিরাপদ নয়। অনেক সময় ছিনতাইয়ের সময় সাহস করে প্রতিরোধ করলে মানুষ প্রাণ হারাচ্ছে অকালে। ফলে ছিনতাই শুধু সম্পদের ক্ষতিই নয়, বরং এটি মানবতার বুকে এক নির্মম আঘাত। আমাদের সমাজে এই অন্ধকারের পেছনে রয়েছে নানা কারণ। বারবার জামিনে ছাড়া পেয়ে অপরাধীরা পুনরায় অপরাধের পথে ফিরে আসে, কিছু প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। নাগরিকদের অসচেতনতা, দামী জিনিসপত্র প্রকাশ্যে বহন করাও এই অপরাধকে উৎসাহিত করছে।

ফলে মানুষের মনে ভয় আর নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। শহরের রাস্তাঘাটে চলাফেরা আজ যেন এক আতঙ্কের নাম। মা-বোনেরা ভয়ে গয়না পরা ছেড়ে দিচ্ছেন, পথচারীরা মোবাইল ফোন হাতে নিতে সাহস পান না। কখনো কখনো এই ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানির করুণ দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করলেই চলবে না; তাদের পাশাপাশি আমাদের সবাইকে একত্রিত হয়ে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে, অপরাধী চক্রের শেকড় উপড়ে ফেলতে হবে। পাশাপাশি নাগরিকদেরও আরও সচেতন ও সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। অপ্রয়োজনে মূল্যবান জিনিসপত্র প্রকাশ্যে বহন না করা, রাতের বেলা সাবধানতার সঙ্গে চলাফেরা করা এবং অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। মনে রাখতে হবে, আমাদের নীরবতা কখনো অন্যায়ের প্রতিরোধ করে না, বরং অপরাধীদের আরও সাহসী করে তোলে।

আসুন, আমরা সবাই মিলে বলি—
“রক্তের দাগে নয়, ভালোবাসার আলোয় রাঙুক আমার পথ।”
“ভয়ের সীমানা পেরিয়ে গড়ে তুলি নিরাপদ সমাজ।”

ছিনতাইকারীদের রুখে দিয়ে শহরের প্রতিটি গলিতে ফিরিয়ে আনি শান্তির সুবাতাস। এই সভ্য সমাজে অপরাধ দমন করা শুধু পুলিশের দায়িত্ব নয়, এটা আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা যদি একসঙ্গে জেগে উঠি, ইনশাআল্লাহ অন্ধকারের এই ছায়া দূর হয়ে সমাজে ফিরে আসবে শান্তির শুভ্র আলো।

শাহিদা জাহান ইরানী,
শিক্ষার্থী, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
ইমেইল: sabihanajnin100@gmail.com

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!