নিরাপদ ঈদযাত্রা ও সচেতনতা

নিরাপদ ঈদযাত্রা ও জনসচেতনতা
সাব্বির হাসান নিরব
ইসলামী সংস্কৃতির অন্যতম মহিমান্বিত উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরার এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। কর্মব্যস্ত শহরের চাকুরিজীবী থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে গ্রামের পানে ছুটে চলেন। প্রিয়জনদের সান্নিধ্যে যাওয়ার এই আকুলতায় সবার চোখে-মুখে যে দীপ্ত হাসির রেখা ফুটে ওঠে, তা অত্যন্ত আনন্দদায়ক। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের বর্তমান সড়ক পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা ও অসচেতনতার কারণে অনেক সময় এই হাসিমুখগুলো বিষাদে রূপ নেয়। প্রতি বছরই ঈদের সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অসংখ্য সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর দেখতে পাই, যা অনেকের সাজানো সংসারকে চিরতরে স্তব্ধ করে দেয়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুমিছিল থামাতে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে, জীবনকে ঝুঁকিতে ফেলে ছাদবিহীন পিকআপ ভ্যান বা ট্রাকে যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত, কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। একইভাবে, মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরিধানসহ গতি নিয়ন্ত্রণে রেখে পথ চলতে হবে। পাশাপাশি সকল যানবাহন চালককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে এবং ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে সার্থক করতে আমাদের সামান্য সচেতনতাই পারে একটি নিরাপদ ও উৎসবমুখর ঈদযাত্রা নিশ্চিত করতে।
লেখক: সাব্বির হাসান
অনার্স তৃতীয় বর্ষ
সেশন : ২০২২-২০২৩
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ
ফোন : 01954109653
ই-মেইল : sabbir54109653@gmail.com

