শান্তি প্রতিষ্ঠায় ঐক্যর গুরুত্ব।

শান্তি এবং ঐক্য সমাজ গঠনের দুটি অপরিহার্য ভিত্তি। এগুলোর অভাব কেবল সংঘাতের সৃষ্টি করে না, বরং ব্যক্তিগত ও সামাজিক প্রগতিকে ব্যাহত করে। বাংলাদেশ একটি বহুজাতিক, বহু-ধর্মীয় এবং বহু-সংস্কৃতির দেশ। এখানে সহমর্মিতা, সহযোগিতা এবং সহাবস্থান কেবল সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ নয়; এটি আমাদের জাতীয় পরিচয়েরও অন্যতম ভিত্তি।আমাদের সমষ্টিগত দায়িত্ব মানবজাতির শান্তি প্রতিষ্ঠান করা। এটি শুধুমাত্র যুদ্ধ বা সংঘর্ষের অনুপস্থিতি নয়, বরং একটি সমাজের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি, এবং সুস্থ সম্পর্কের প্রতিফলন ও বেট। শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্য অপরিহার্য। এককভাবে শান্তি অর্জন করা সম্ভব নয়; এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা আমাদের ভাষার জন্য কি রকম ঐক্যবদ্ধ ছিলাম। ১৯৭১ সালে বাঙালি জাতি ভাষা, সংস্কৃতি এবং মুক্তির স্বপ্নে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রে লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ঐক্যের শক্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ঠিক তেমনি ২০২৪ সালে এসে ও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে সকল দল মত নির্বিশেষে একটি স্বৈরাশাসককে হঠাতে পরেছি। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে কিছু নেতিবাচক প্রবণতা ও দেখা গেছে, যা আমাদের সমাজে বিভাজন ও সংঘাত সৃষ্টি করেছে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, এবং রাজনৈতিক মতাদর্শে বিভক্তির কারণে সমাজে শান্তি বিঘ্নিত হয়েছে। ঠিক তেমনি এখনো একটা শক্তি সেই আগের মত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমাদের শান্তি কেড়ে নিতে চাচ্ছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটেও ঐক্যের গুরুত্ব বিশাল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বা আফ্রিকা মহাদেশে জাতিগত যুদ্ধের প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, ঐক্যের অভাব একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বিশ্ব ইতিহাসের পৃষ্ঠায় বহু যুদ্ধের উল্লেখ রয়েছে, যা মানবজাতিকে বিশাল ক্ষতির সম্মুখীন করেছে। একে অপরের প্রতি শ্রদ্ধা, সমঝোতা এবং সহযোগিতা না থাকার ফলস্বরূপ এসব সংঘর্ষ তৈরি হয়েছে। তাই শান্তির জন্য ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। জাতি, ধর্ম, ভাষা বা সংস্কৃতি নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য নিশ্চিত হলে, পৃথিবী থেকে যুদ্ধের সম্ভাবনা কমে যাবে এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। আর এই শান্তি প্রতিষ্ঠায় ঐক্য অপরিহার্য। বিভিন্ন দেশ ও জাতি একে অপরের প্রতি সদয় মনোভাব নিয়ে বিশ্ব শান্তি রক্ষা করতে পারে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলি শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে। বৈশ্বিক ঐক্য শুধুমাত্র যুদ্ধ রোধে নয়, বরং পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার, এবং দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
সমাজে বৈষম্য ও শোষণ শান্তির প্রধান শত্রু। যখন কিছু মানুষ আর্থিক, সামাজিক বা সাংস্কৃতিকভাবে বঞ্চিত হয়, তখন তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, যা সংঘর্ষের সৃষ্টি করতে পারে। ঐক্য সমাজের প্রতিটি সদস্যকে সমান অধিকার দেওয়ার প্রচেষ্টা চালায় এবং বৈষম্য দূর করতে সহায়ক। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলে, মানুষ একে অপরকে সহযোগিতা করতে এবং সম্মান করতে শিখে, যা বৈষম্য দূরীকরণের দিকে এগিয়ে নিয়ে যায়। ঐক্যই শান্তির ভিত্তি। ঐক্য মানুষের মধ্যে মৈত্রী এবং সম্পর্কের উন্নয়ন ঘটায়। যখন মানুষ একে অপরকে বুঝতে পারে এবং সম্মান করে, তখন সংঘর্ষের সম্ভাবনা কমে যায়। সমাজের সকল স্তরের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে, ঐক্যবদ্ধ সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি হয়। এটি যে কোন ধর্ম, জাতি, বা সংস্কৃতির মধ্যে ভেদাভেদ দূর করতে সহায়ক। ঐক্য মানুষকে একসাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, যা শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, বাংলাদেশের মতো একটি বহুত্ববাদী সমাজে ঐক্য রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য।
ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় করণীয়ঃ
শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। ঐক্যই শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যা শিশুদের মধ্যে সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। সবাই ঐক্যবন্ধ ভাবে জাতি গঠনে কাজ করবে।
সম্প্রীতি উৎসব আয়োজনঃ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করতে উৎসব এবং সংলাপের আয়োজন করা উচিত। বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
সাম্প্রদায়িক অপপ্রচার বন্ধে কঠিন আইনের প্রয়োেগঃ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং ভুয়া খবর প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাদেরকে জনগণের সম্মুখে শাস্তি প্রধান করতে হবে। ভূয়া সংবাদ প্রচারের জন্য যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি প্রধানসহ আরো অসংখ্য শাস্তি প্রধান করা যেতে পারে।
অর্থনৈতিক উন্নয়ন ও সমতাঃ অর্থনৈতিক বৈষম্য কমানোর মাধ্যমে সমাজে হতাশা ও সংঘাত এড়ানো সম্ভব। এটি করতে হলে দরিদ্র শ্রেণির উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিতে হবে। এতে করে বিদ্বেষপূর্ণ মনোভাব কমে আসবে এবং সামজে শান্তি প্রতিষ্ঠা হবে।
মিডিয়ার ইতিবাচক ভূমিকাঃ মিডিয়া সমাজের একটি শক্তিশালী মাধ্যম। যারা সমাজের আয়না হিসেবে কাজ করে। এটি ব্যবহার করে শান্তি, সম্প্রীতি এবং সহিষ্ণুতার বার্তা প্রচার করা উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মিডিয়ার ভূমিকা অপরিসীম।
শান্তি শুধুমাত্র একটি রাজনৈতিক বা অর্থনৈতিক প্রক্রিয়া নয়, বরং একটি সাংস্কৃতিক ও মানসিক অবস্থানও বটে। তাই শান্তির জন্য ঐক্য মনোভবটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে ছড়িয়ে দিতে হবে। মানুষকে ছোটবেলা থেকেই সহনশীলতা, সহমর্মিতা, এবং পারস্পরিক শ্রদ্ধা শেখানো উচিত। এটি সমাজের শুদ্ধতা এবং শান্তির পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। কারণ সংঘর্ষের সময় সাধারণত একতা ও সহযোগিতার অভাব থাকে। যখন একটি সমাজ বা জাতি ঐক্যবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে সংঘর্ষ কমে যায় এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সমষ্টিগত ভালোর দিকে নজর দিলে, একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে।
শান্তির জন্য ঐক্য” শুধু একটি স্লোগান নয়; এটি একটি কার্যকর পথ ও বটে। আমাদের সমাজে ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতির বিভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একত্রে বাস করি। এটি আমাদের গর্বের বিষয়। কিন্তু সেই ঐক্য রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সচেতন প্রচেষ্টা প্রয়োজন। সবার মাঝে যদি পরস্পরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, এবং শ্রদ্ধার মনোভাব থাকে, তবে সমাজে শান্তি নিশ্চিত হবে। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে, ঐক্যবদ্ধ হলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। সুতরাং, আমাদের এখনই ঐক্যের মূল্যবোধের চর্চা শুরু করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করা যায়।

