তারুণ্য শক্তি হতে পারে চতুর্থ শিল্প বিপ্লবের সম্পদ।

সুমন স্নাতকোত্তর শেষ করে বাসায় বসে আছেন। সরকারি চাকরির পরিক্ষা দিতে দিতে এখন সে ক্লান্ত। কোথায়ও তার চাকরি হচ্ছে না। পরিবার ও সামাজের কটু কথার মধ্যে দিয়ে যাচ্ছে তার দিন। এক সময় তার কাছে এই পৃথিবীতে বেঁচে থাকা হয়ে উঠে কষ্টকর। তাই সে সমাজ ও পরিবার ছেড়ে চলে আসে ঢাকায়। ঢাকায় এসে কি করবে সে বুজতে পারে না। তার পরিচিত এক ভাইয়ের বাসায় আসে যিনি ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত দীর্ঘদিন যাব। সুমনকে তিনি পরামর্শ দেন ছয় মাস কষ্ট করে ফ্রিল্যান্সিং এর একটি কোর্স করার জন্য। সুমন কি করবে? তার ভবিষ্যৎ কি হবে? কি করলে তার ভালো একটা ক্যারিয়ার হবে? কিছুই সে জানে না। তাই ভাইয়ের কথা মত একটা আইটি প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে যায়। ছয় মাস কষ্ট করার পর এখন সুমন নিজে একজন আইটি উদ্যোক্তা। এখন সে ঘরে বসে যুক্তরাষ্ট্র, কানাডা, চিন, জাপানের মত দেশের বিখ্যাত ব্রান্ডের সাথে কাজ করতেছে।
বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দাড় প্রান্তে। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে এই শিল্প বিপ্লব ঘটবে বলে ধারনা করা হচ্ছে। শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লব এমন এক প্রক্রিয়াকে বুঝায় যা উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্পের কাঠামো ও উৎপাদন প্রক্রিয়ায় সার্বিক, আমূল ও আকস্মিক পরিবর্তনের সাথে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তনের সম্মিলিত রূপই শিল্প বিপ্লব।
শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। চতুর্থ শিল্প বিপ্লব হবে প্রযুক্তিগত শিল্প বিপ্লব। মানুষ যে কাজ করতে দিনের পর দিন লেগে যায় প্রযুক্তির উন্নতির কারণে সে কাজ কয়েক মিনিটে হয়ে যাবে। ঘরে বসে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে কাজ করতে পারবেন।
প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। বিদ্যুৎ আবিষ্কার হয় ১৮৭০ সালে ফলে দ্বিতীয় শিল্প বিপ্লব ত্বরান্বিত হয় এবং তৃতীয় শিল্প বিপ্লব ঘটে ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেটের আবিষ্কার শিল্প বিপ্লবের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। তবে আগের তিনটি শিল্প বিপ্লবকে ছাড়িয়ে গেছে আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে।
ডিজিটাল বিপ্লবকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে প্রথম সংজ্ঞায়িত করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াব তার লেখা ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’ গ্রন্থে। ২০১৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এ গ্রন্থে তিনি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ ধারণার ব্যাপক প্রচার ও প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয়। তারও আগে ২০১১ সালে একদল জার্মান বিজ্ঞানী শিল্প-কলকারখানাগুলোয় কীভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা যায় বা ডিজিটাল কৌশল প্রয়োগ করা যায়, তা নিয়ে গবেষণা শুরু করেন। যেখানে কম জনবল দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পণ্য উৎপাদন সহজ হবে। সেখান থেকেই মূলত চতুর্থ শিল্প বিপ্লব ধারণাটির উদ্ভব।
বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। এ দেশের কর্মসংস্থানেও তারুণ্যের ভূমিকা রয়েছে অসামান্য। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে, তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভারতে ৩৫ কোটি ৬০ লাখ, চীনে ২৬ কোটি ৯০ লাখ, ইন্দোনেশিয়ায় ৬ কোটি ৭০ লাখ, যুক্তরাষ্ট্র ৬ কোটি ৫০ লাখ, পাকিস্তানে ৫ কোটি ৯০ লাখ এবং বাংলাদেশে রয়েছে ৪ কোটি ৭৬ লাখ। এই তরুণরাই বাংলাদেশের সব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। ইতিহাস সৃষ্টি থেকে প্রতিটি স্তরে সেই তরুণ যুবকরাই জোগান দিয়েছিল। আজও বাংলাদেশের সব অভূতপূর্ব সৃষ্টিগুলোর জন্মই দেন তরুণরা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও তরুণদের ছিল ইতিবাচক ভূমিকা।
গান, কবিতা, আবৃত্তি, নাচ, খেলাধুলা, সাহিত্য আড্ডা, ছাত্ররাজনীতি সব কিছুতে তাদের ছিল প্রধান বিচরণ ক্ষেত্র। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের সব ক্ষেত্রে চরম দৈন্যতা লক্ষণীয়। না আছে খেলার মাঠ, না আছে পৃষ্ঠপোষক, না আছে সাহিত্য-আড্ডা, না সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আঞ্চলিক কর্মসংস্থান নিয়ে প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি পাকিস্তানে ১৬ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে এ হার ১০ দশমিক ৭ শতাংশ, যা এ অঞ্চলের ২৮টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দেশে তরুণদের বিশেষত শিক্ষিত তরুণদের এক বৃহদাংশ বেকার জীবনযাপন করছে এবং সেটা বেড়েই চলছে।বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার। অর্থাৎ প্রতি দুইজনে একজনের নাম বেকারের খাতায় অন্তর্ভূক্ত। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেকারের সংখ্যা ৩ কোটি। প্রতিষ্ঠানটি আভাস দিয়েছে, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ৬ কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯ দশমিক ৪০ শতাংশ হবে। আইএলওর হিসাবটিকেই পর্যবেক্ষকেরা বাংলাদেশের প্রকৃত বেকারের সংখ্যা বলে মনে করেন।
২০১৬ সালে ইউরোপীয় ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এক পরিসংখ্যানে আরো দেখা যায়, বাংলাদেশে শতকরা ৪৭ ভাগ গ্র্যাজুয়েট হয় বেকার, না হয় তিনি যে কর্মে নিযুক্ত এ জন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রতি বছর বাংলাদেশে ২২ লাখ কর্মক্ষম মানুষ চাকরি বা কাজের বাজারে প্রবেশ করছেন। এই বিশালসংখ্যক কর্মক্ষম মানুষের মাত্র সাত শতাংশ কাজ পাবেন। এর অর্থ হচ্ছে, দুই-তৃতীয়াংশ মানুষ বেকারের তালিকায় নাম লেখাচ্ছেন।
বাংলাদেশের এই বেকার সংখ্যক তরুণকে যদি আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে আইসিটি সেক্টরে দক্ষ করে তুলতে পারি তাহলে তারা হয়ে উঠবে একেক জন দেশের সম্পদ।
সুমনের মত বেকার যুবকরা হয়ে হয়ে উঠবে সমাজের ও পরিবারের গর্ব করার কারণ।
এখনি সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। চতুর্থ শিল্পী বিপ্লবকে মাথায় রেখে কারিকুলাম প্রণয়ন করা। পাবলিক প্রতিটি বিশ্ববিদ্যালয় এআই, সাইবার সিকিউরিটি, রোবটিক্স ইত্যাদি সাবজেক্ট গুলো অন্তর্ভুক্ত করা। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আইসিটি সেক্টরে দক্ষ কর্মীর বিকল্প নেই।
বর্তমান তরুণ প্রজন্ম কাজে বিশ্বাস করে, কথায় নয়। আজ আমাদের দেশে গড় তরুণ বেকারের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অধিক। এই বেকার তরুণদের চিন্তাচেতনা আর বুদ্ধি যদি কাজে লাগাতে পারে রাষ্ট্র, তবে বাংলাদেশ পরিণত হবে সোনার বাংলায়। দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজের বিকল্প নেই।

