বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঝুঁকি ও জনসচেতনতা

প্রতি বছর বর্ষা মৌসুমে ঢাকাসহ বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর খবর আমরা দুঃখজনকভাবে দেখে থাকি। বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় কিংবা খোলা ড্রেনে পড়ে থেকে অনেক সময় জমে থাকা পানিতে সংযোগ স্থাপন করে। ফলে সেই পানিতে অসাবধানতাবশত হাঁটলে কিংবা স্পর্শ করলে মানুষ মারাত্মকভাবে আহত কিংবা প্রাণ হারাতে পারে। এই পরিস্থিতির জন্য যেমন দুর্বল অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাব দায়ী, তেমনি জনসচেতনতার ঘাটতিও গুরুত্বপূর্ণ একটি কারণ। অনেকেই জানেন না বর্ষাকালে পানিতে হাঁটাও বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যেখানে বিদ্যুৎ লাইনের তার নিচে পড়ে থাকতে পারে। এ অবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই-১. বর্ষার আগে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন। ২. জলাবদ্ধ এলাকাগুলোতে বৈদ্যুতিক ঝুঁকি থাকলে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হোক। ৩. শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো জরুরি।
একইসঙ্গে নাগরিকদের উচিত বৃষ্টির দিনে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং জমে থাকা পানির মধ্য দিয়ে চলাফেরা থেকে বিরত থাকা। সমষ্টিগত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এই প্রাণঘাতী বিপদ অনেকাংশে রোধ করা সম্ভব।
শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার
শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা

