দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ জরুরি

প্রতিবছর উৎসব উপলক্ষে বাংলাদেশে শুরু হয়ে যায় এক ধরনের ভোগ প্রতিযোগিতা। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দেয়। পাশ্চাত্য দেশে যেখানে রমজান মাসব্যাপী প্রতিযোগিতামূলক ব্যবসায়িক উদ্দেশ্য বা প্রমোশনের লক্ষ্যে পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হয়, সেখানে সংযমের মাসে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী ও কুচক্রী সিন্ডিকেটের নীরব আঘাতে পিষ্ট হয় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার। রমজান উপলক্ষে এসব অসাধু ব্যবসায়ী কৌশলে আইনবিরোধী খাদ্যপণ্য মজুদ রেখে সৃষ্টি করে কৃত্রিম খাদ্য সংকট অথবা পণ্যের বাড়তি মূল্যচাপ। এই সমস্যার নিয়ন্ত্রণে সরকারসহ দেশের সকল স্তরের প্রশাসনিক কার্যক্রম ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা বৃদ্ধি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রণীত পণ্যের বাজারমূল্য তদারকির জন্য প্রশাসনকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাজার পণ্যের মূল্যতালিকা সকল স্তরে জনগণের কাছে নিয়মিত প্রচার করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশের মানুষ স্বাভাবিকভাবেই যে অন্যায়ের সাথে সহাবস্থানে রয়েছে তা থেকে মুক্তি লাভের লক্ষ্যে সরকারকে পণ্য সরবরাহ নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রমে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করতে হবে। তবেই উৎসব উপলক্ষে প্রতিবছর পণ্য মূল্যের ঊর্ধ্বগতির মহামারী কাটিয়ে দেশের মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে।
সাবিহা তারান্নুম মিম
সমাজকর্ম বিভাগ
ইডেন মহিলা কলেজ

