বগুড়ায় হাসপাতালে অব্যবস্থাপনা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল। প্রতিদিন বগুড়াসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার হাজার হাজার মানুষ এখানে চিকিৎসার আশায় ছুটে আসে। কিন্তু বর্তমানে চরম অব্যবস্থাপনার কারণে এই প্রতিষ্ঠানটি সাধারণ রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক রোগী সময়মতো চিকিৎসকের সাক্ষাৎ পায় না। জরুরি বিভাগেও প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। হাসপাতালের ভেতরে দালালচক্রের দৌরাত্ম্য এখন চরমে। জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর পর্যন্ত পদে পদে রোগীরা হয়রানির শিকার হচ্ছে। সরকারি ওষুধ পর্যাপ্ত থাকার কথা থাকলেও রোগীদের বেশির ভাগ সময় বাইরের থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। ট্রলি বা স্ট্রেচার পেতেও রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অথবা বাড়তি টাকা খরচ করতে হয়। এমন অবস্থায় হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে এবং দালালমুক্ত পরিবেশ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
