বিশ্বকাপের উত্তাপ ক্যাম্পাসে
বিশ্বকাপ এলেই আমি নিয়মিত খেলা দেখি। তবে এবারের খেলা দেখতে গিয়ে মাঝে মাঝে রাত জাগতে হয়, ফলে ঘুমের কিছুটা সমস্যা হয় বটে, তবে বিশ্বকাপের উন্মাদনার কাছে সেটি তেমন বড় বিষয় নয়। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে ঘিরে আমার উচ্ছ্বাস বেড়ে যায়। তাদের ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতি এবং মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই আমাকে এই দলের ভক্ত বানিয়েছে। বিশ্বকাপের সময় বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা সত্যিই অন্যরকম। বিভিন্ন দেশের পতাকা ও গ্রাফিটিতে সেজে ওঠে পাড়া-মহল্লা, যা ফুটবলের প্রতি মানুষের ভালোবাসারই প্রকাশ। বন্ধুদের সঙ্গে ম্যাচ বিশ্লেষণ আর প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে আলোচনা—সব মিলিয়ে অন্যরকম এক উৎসবের পরিবেশ তৈরি হয়। ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই, এটাই একজন ফুটবলপ্রেমী হিসেবে আমার সবচেয়ে বড় প্রত্যাশা।
