যেকোনো সংগঠন কার্যকর ও প্রতিষ্ঠিত করার জন্য এক ঝাঁক উদ্যমী লোকের প্রয়োজন হয়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো: জাহানুর ইসলাম দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করতেন। সে সময় তিনি দেশের তরুণ সমাজকেও লেখালেখিতে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থী নাজমুন আরা শামিমা, মো জাকারিয়া, নিগার সুলতানা ও মোসা. রেশমা আক্তার তার সাথে যোগাযোগ করে লেখালেখি করার আগ্রহ ও ইচ্ছা প্রকাশ করেন। মো: জাহানুর ইসলাম লেখালেখিতে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন এবং তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে ২০১৮ সালের ২৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তরুণ কলাম লেখক পরিবার’ নামে একটি মাধ্যম গড়ে তোলেন।
পরবর্তীতে ধীরে ধীরে লেখালেখিতে আগ্রহী শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হতে থাকেন। মো: জাহানুর ইসলাম ও তার সহযোগীদের ঐকান্তিক প্রচেষ্টায় লেখালেখিতে আগ্রহী তরুণদের সংখ্যা বৃদ্ধি পেলে সকলের সাথে যোগাযোগ রক্ষা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলা এবং বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্যে একটি আনুষ্ঠানিক সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যার প্রেক্ষিতে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মো: জাহানুর ইসলামের উদ্যোগে গঠিত ‘তরুণ কলাম লেখক পরিবার’ নাম পরিবর্তিত হয়ে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ’ নাম ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রার প্রাক্কালে প্রতিষ্ঠাতা হিসেবে মো: জাহানুর ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নাজমুন আরা শামিমা, মো জাকারিয়া, নিগার সুলতানা, মোসা: রেশমা আক্তার বিবেচিত হয়।
ইতিমধ্যে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ’-এর উপদেষ্টা হিসেবে মো. ফয়সাল আহম্মদ ও মো. মোস্তাফিজুর রহমান’কে অনুরোধ করা হলে তারা এ সংগঠনের কার্যক্রম বিস্তারে কাজ করবেন বলে সম্মতি জ্ঞাপন করেন। সাংগঠনিক কাঠামো বিন্যাসের সুবিধার্থে প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে মো. ফয়সাল আহম্মদ এবং মো. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে মো: জাহানুর ইসলাম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে নাজমুন আরা শামিমা দ্বারা এই সংগঠনের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ২০১৮ সালের ০৩ ডিসেম্বর তৎকালীন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় উপদেষ্টাবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক সংঘ’ থেকে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ নামে রূপান্তরিত হয়।
বর্তমানে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে লেখালেখিতে আগ্রহী করে তোলার পাশাপাশি নানাবিধ প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।