শ্রীমঙ্গলে বাড়ছে অটোরিকশার ভিড়

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ
প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৩৩ বার
শ্রীমঙ্গলে বাড়ছে অটোরিকশার ভিড়
সোমনা আক্তার
সবুজ চা-বাগান, নির্মল প্রকৃতি ও শান্ত পরিবেশের জন্য পরিচিত আমাদের প্রিয় পর্যটন নগরী শ্রীমঙ্গল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ অটোরিকশার অতিরিক্ত ভিড়ে শহরটি যেন অস্থির হয়ে উঠেছে। শহরের প্রধান সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড ও পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে এখন অগণিত অটোরিকশা দেখা যায়। অনেক চালক নির্দিষ্ট স্ট্যান্ড না মেনে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান। ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী, শিক্ষার্থী ও অন্যান্য যানবাহনের চালকদের চলাচলও কঠিন হয়ে পড়েছে। বর্তমানে ঈদের বাজার করতে গেলেও অটোরিকশার কারণে তীব্র যানজটে পড়তে হচ্ছে। যেখানে আগে পাঁচ মিনিট সময় লাগত, সেখানে এখন প্রায় চল্লিশ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে। তাছাড়া জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও এই যানজটের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়ছে। অন্যদিকে পর্যটকেরাও শহরে এসে প্রথমেই এমন বিশৃঙ্খল যানবাহনের চিত্র দেখে বিরূপ ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন, যা একটি পর্যটন শহরের জন্য মোটেও কাম্য নয়।
এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাই—অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায় আমাদের এই সুন্দর পর্যটন নগরী অচিরেই যানজট ও বিশৃঙ্খলার শহরে পরিণত হবে।
লেখক:
সোমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ
মোবাইল: ০১৩৪৫৩৬৩৪১৫
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
