শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে জরুরি ব্যবস্থা প্রয়োজন।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২০ মে ২০২৬ পাঠ: ২৬ বার

ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে জরুরি ব্যবস্থা প্রয়োজন
সোমনা আক্তার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে দেশের রেলস্টেশনগুলো এখন লোকারণ্য। কোরবানির ঈদকে কেন্দ্র করে, পশুর হাট এবং প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে লাখ লাখ মানুষ ঢাকা ও অন্যান্য বড়ো শহর ছেড়ে গ্রামের বাড়িতে ছোটেন। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে অসাধু কিছু চক্র ও টিকিট কালোবাজারিরা সক্রিয় হয়ে ওঠে। তারা নানা কারসাজিতে অগ্রিম টিকিট সংগ্রহ করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং পরে অসহায় যাত্রীদের কাছে কয়েকগুণ বেশি দামে বিক্রি করে।
অনলাইন ও কাউন্টারে শত চেষ্টা করেও সাধারণ যাত্রীরা যখন টিকিট পান না, তখন স্বভাবতই রেলের পুরো টিকিট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সাধারণ মানুষের ভাগ্যে টিকিট জোটে না, অথচ কালোবাজারি ও দালালদের হাতে ঠিকই টিকিট চলে যায়। এতে যাত্রীদের শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, বরং রেল ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থা তৈরি হচ্ছে। ট্রেনের ছাদে বা বিপজ্জনকভাবে যাতায়াত বৃদ্ধির পেছনেও এই টিকিট সংকট বড়ো ভূমিকা রাখে, যা অনেক সময় বড়ো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করে টিকিট কাটার নিয়ম থাকলেও কালোবাজারিরা প্রযুক্তির অপব্যবহার করে বা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে টিকিট হাতিয়ে নিচ্ছে। এই অশুভ তৎপরতা বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষকে অনলাইন সার্ভারের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। একই সাথে রেলস্টেশনগুলোতে এবং টিকিট কাটার অ্যাপে কঠোর নজরদারি বাড়াতে হবে। স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। যারা টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে মানুষের আবেগ নিয়ে ব্যবসা করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ঈদ সবার জন্য আনন্দের। এই আনন্দ যেন টিকিট কালোবাজারিদের কারণে বিষাদে পরিণত না হয়। মানুষের নিরাপদ ও ভোগান্তিহীন বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেবেন— এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।
লেখক :
সোমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।
ইমেইল :-sumonaakter472192@gmail.com
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!