তাড়াইলের সড়ক
•কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের দক্ষিণ শাহবাগ গ্রামের নেয়ামত ভূঁইয়ার বাড়ি সংলগ্ন রাস্তার বর্তমানে বেহাল দশা। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে কর্দমাক্ত থাকায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা সাধারণ পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। স্বাভাবিক ভাবে হেঁটে চলাফেরাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে । গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ যাত্রীদের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়াল হয়ে যায়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয় এটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও, সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলে জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে । একটি উন্নত সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত রাস্তাটি পাকা করার কাজ শুরু করা হোক। গ্ৰামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত পাকা করে জনদুর্ভোগ লাঘবের জন্য তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনীত অনুরোধ করছি।
বি:দ্র: প্রথম এই লেখাটা দৈনিক যুগান্তর, দৈনিক আমাদের সময় ও দৈনিক সংবাদ পত্রিকায় (১৮/৭/২/৬) ইং তারিখে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বার প্রথম আলো পত্রিকায় (১৯/৭/২৬) ইং তারিখে প্রকাশিত হয়। তৃতীয়ত দৈনিক আজকালের খবর পত্রিকায় (২০/৭/২৬) ইং তারিখে প্রকাশিত হয়েছে। চতুর্থত দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২১/৭/২৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে।
মোঃ শরীফুল ইসলাম
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
