নতুন সেতু নির্মাণ করুন

দাউদকান্দি দক্ষিণ অঞ্চল এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ অঞ্চলের সংযোগস্থলের অন্যতম প্রধান মাধ্যম পিতাম্বর্দি স্টিলের ব্রিজটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত জং আর সংস্কারের অভাবে ব্রিজটির মাঝখানের একটি বড় অংশ ধসে পড়েছে। এই ভাঙা অংশ দিয়েই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।ব্রিজটির অবকাঠামো জং ধরে এতটাই নড়বড়ে হয়ে গেছে যে, ভারী যানবাহন তো দূরের কথা, সাধারণ রিকশা বা মোটরসাইকেল উঠলেও পুরো ব্রিজ কাঁপতে থাকে। মাঝখানের ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ছোট যানবাহন নিচে পড়ে গিয়ে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। পিতাম্বর্দি এলাকার এই ব্রিজটি দুই উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম। প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে ব্রিজটি পার হচ্ছে। রাতের অন্ধকারে ভাঙা অংশটি দেখা না যাওয়ায় দুর্ঘটনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমান অবস্থায় ব্রিজটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।এমতাবস্থায়, জনস্বার্থ ও জননিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে পিতাম্বর্দি ব্রিজটি সংস্কার অথবা একটি স্থায়ী নতুন ব্রিজ নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদুল ইসলাম জাহিদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল : ০১৭০৬৫০০৩২৯
ইমেইল : jahid.iu.cmj.5@gmail.com

