বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

হানি ট্র্যাপ ও সামাজিক নৈতিকতার সংকট

Author

মোঃ রুহুল আমিন , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ পাঠ: ২৮০ বার

বর্তমান ডিজিটাল যুগ আমাদের জীবনযাত্রাকে যেমন সহজ ও গতিশীল করেছে, তেমনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিছু ক্ষতিকর প্রভাবও বিস্তার করছে। মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছে ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের প্রভাব। একদিকে বিশ্ব এখন হাতের মুঠোয়, যোগাযোগ হয়েছে সহজতর; অন্যদিকে এই প্রযুক্তিকেই ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধীরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ‘হানি ট্র্যাপ’ এবং পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্কের পর ধর্ষণের অভিযোগের মতো ঘটনাগুলো সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি একজন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। একজন শিক্ষক যখন এ ধরনের অভিযোগে অভিযুক্ত হন, তখন তা সমাজের নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দেয়। শিক্ষককে বলা হয় বাবা-মায়ের সমতুল্য; সেই আশ্রয়স্থলে যদি কোনো শিক্ষার্থী অনিরাপদ বোধ করে, তবে অভিভাবকরা কার ওপর ভরসা করবেন? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য ও জনশ্রুতির আলোকে অনেকেই ধারণা করছেন, এখানে ‘হানি ট্র্যাপ’-এর মতো কোনো ফাঁদ পাতা হয়েছিল কি না। অনেক ক্ষেত্রে দেখা যায়, একশ্রেণির অসাধু ব্যক্তি প্রেমের অভিনয়ে কাউকে ফাঁদে ফেলে অর্থ বা ব্যক্তিগত সুবিধা আদায় করে, যা ‘হানি ট্র্যাপ’ হিসেবে পরিচিত। এই ধরনের ঘটনা বর্তমানে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, যা সংবাদপত্রের পাতায় প্রতিনিয়তই আমাদের চোখে পড়ে।

সামাজিক সম্পর্কের এই পরিবর্তন একদিকে যেমন ব্যক্তিগত স্বাধীনতার দুয়ার খুলেছে, অন্যদিকে তৈরি করেছে জটিল কিছু নৈতিক ও আইনি প্রশ্ন। হানি ট্র্যাপ মূলত এমন এক কৌশল, যেখানে আবেগকে পুঁজি করে ব্ল্যাকমেইলের মাধ্যমে কাউকে সামাজিকভাবে বিপর্যস্ত করা হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক মর্যাদা ও মানসিক সুস্থতাও ধূলিসাৎ হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয় মানুষের পারস্পরিক বিশ্বাসের ওপর।

আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে গেলে বা ব্যক্তিগত দ্বন্দ্ব সৃষ্টি হলে তাকে গুরুতর আইনি অভিযোগে রূপ দেওয়া হয়। ধর্ষণ একটি জঘন্য অপরাধ এবং প্রকৃত ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু প্রতিহিংসাবশত বা সামাজিক চাপের কারণে যদি মিথ্যা অভিযোগ তোলা হয়, তবে অভিযুক্ত ব্যক্তি সামাজিকভাবে অপদস্থ হন এবং তার কর্মজীবন ও পরিবার ধ্বংস হয়ে যায়। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ‘মিডিয়া ট্রায়াল’ বা সামাজিক বিচার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এখানে ‘সম্মতি’র বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছায় এবং চাপমুক্ত সম্মতিই প্রকৃত সম্মতি। কিন্তু প্রতারণা বা মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আদায় করা সম্মতি যেমন আইনি মানদণ্ডে প্রশ্নবিদ্ধ, তেমনি সম্পর্ক বিচ্ছেদের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে অভিযোগ তোলাও ন্যায়বিচারের পরিপন্থী। প্রতিটি ঘটনার সত্যতা নির্ধারণের দায়িত্ব আদালতের। আবেগ নয়, বরং বস্তুনিষ্ঠ প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত।

এই সংকট থেকে উত্তরণের পথ বহুমুখী। প্রথমত, পরিবার থেকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। একজন মানুষ যখন ধর্মীয় ও নৈতিক অনুশাসন মেনে চলবে, তখন তার অনৈতিক সম্পর্কে জড়ানোর ঝুঁকি কমে যাবে। কোন ধর্মেই অবৈধ সম্পর্ককে বৈধতা দেয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত সীমানা এবং আইনি সচেতনতা বিষয়ে পাঠদান জরুরি। বিশেষ করে যারা পরিবারের বাইরে অবস্থান করে পড়াশোনা করছে, অভিভাবকদের উচিত তাদের নিয়মিত খোঁজখবর রাখা। পরিবারকে হতে হবে একটি নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে সন্তানরা যে কোনো সংকটে দ্বিধাহীনভাবে আলোচনা করতে পারে।

অনেক বিবাহিত মানুষের ক্ষেত্রে নিঃসঙ্গতা বা সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত সময় না পাওয়ার কারণেও অনেকে ডিজিটাল আসক্তি বা এ ধরনের ফাঁদে পা দেয়। তাই কর্মব্যস্ততার মাঝেও আপনজনদের সময় দেওয়া এবং সুস্থ বিনোদন বা খেলাধুলার ব্যবস্থা করা প্রয়োজন। তরুণ এবং তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আবেগে নিজের স্পর্শকাতর ছবি বা ভিডিও অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

আইন প্রয়োগকারী সংস্থাকে অত্যন্ত নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। যাতে প্রকৃত অপরাধী কোনোভাবেই পার না পায়, আবার কোনো নির্দোষ ব্যক্তি মিথ্যা মামলার বলি না হন। একে কেবল নারী-পুরুষের দ্বন্দ্ব হিসেবে না দেখে ন্যায়বিচার, ব্যক্তিগত দায়বদ্ধতা ও সামাজিক আস্থার প্রশ্ন হিসেবে দেখতে হবে। ভারসাম্যপূর্ণ আইন প্রয়োগ এবং নৈতিক সচেতনতাই পারে আমাদের সমাজকে এই গভীর সংকট থেকে রক্ষা করতে।

লেখক,
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

লেখক: সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!