করালগ্রাসী অনলাইন জুয়া
একেকটি স্মার্টফোন মানেই একেকটি জুয়ার আসর। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সী কমবেশি সবাই কোনো না কোনোভাবে এই অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে। প্রথমদিকে শখের বশে শুরু করলেও পরবর্তীতে এই জুয়া এক প্রকার নেশায় পরিণত হয়। প্রথমবার বাজি ধরে যখন কেউ লাভের মুখ দেখে তখন তার মধ্যে এক প্রকার আত্মবিশ্বাস বা লোভ চলে আসে। আবার কেউ যখন একবার টাকা হারায় তখন তা ফিরে পেতে ঐ ব্যক্তি বারবার বাজি ধরে হারতে থাকে। এই জুয়ার টাকা জোগাড় করতে তরুণ প্রজন্ম অবলম্বন করছে নানা অসৎ পন্থা। ফলে পরিবার ও সংসারে বাড়ছে অশান্তি। প্রযুক্তির আধুনিকায়নে স্মার্টফোন থাকলে হাতের কাছেই মিলছে অনলাইন জুয়ার নানা সাইট ও অ্যাপস। বিবাহিত থেকে অবিবাহিত, কৃষক-জেলে, শিক্ষার্থী-শিক্ষক, কামার-কুমোর; এমন কোনো পেশা নেই যে পেশার মানুষ এই করালগ্রাসের সাথে যুক্ত নয়।
দিনমজুর লোকটি তার কাজ বাদ দিয়ে জুয়া খেলছে, ছাত্র সমাজ ক্লাস ফাঁকি দিয়ে অনলাইনে জুয়া খেলছে, সারাদিন পরিশ্রম করে হাজার টাকা আয় করা রিক্সা চালক, সিএনজি চালকরাও এই জুয়ার খপ্পরে পড়ে দিনশেষে ঘরে ফিরছে শূন্য পকেটে। একদিকে শূন্য পকেট, অন্যদিকে পরিবারের প্রতি টান, দুয়ের মাঝে পড়ে মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগছে বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার এটাই যে, এই মরণঘাতী জুয়ার নেশা কোনো এক প্রজন্মে আটকে থাকছে না। এই নেশা প্রজন্ম থেকে প্রজন্ম যেন উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। তাই এখনই আমাদের এই জুয়ার নেশা থেকে প্রজন্মকে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এজন্য সমানভাবে পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা, রাষ্ট্রীয় সচেতনতা এবং রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই।
লেখক পরিচিতি:
নাম: আরিফুল কাদের।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
মোবাইল: 01609518172
মেইল: Arifulkader487@gmail

