বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ পাঠ: ৫৯ বার

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে
সোমনা আক্তার
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির পথ পেরিয়ে আমাদের দ্বারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই এক অনাবিল প্রশান্তি। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে ঈদ নিয়ে আসে ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক নির্মল প্রবাহ। নতুন পোশাকের সুবাস, সেমাইয়ের মিষ্টি সুঘ্রাণ আর প্রিয়জনদের আলিঙ্গনে মুখরিত হয় চারপাশ। কিন্তু এই আনন্দঘন পরিবেশে আমাদের কি একবারও থমকে দাঁড়াতে ইচ্ছে করে না?
আমরা যখন উৎসবের আমেজে মগ্ন, তখন সমাজের এক অন্ধকার কোণে একদল মানুষ অপলক চোখে চেয়ে থাকে। যে শিশুটির বাবা সামান্য সেমাই-চিনি কেনার সামর্থ্য রাখেন না, কিংবা যে বৃদ্ধা একমুঠো অন্নের অভাবে ঈদের সকালেও ক্ষুধার্ত—তাদের কাছে ঈদ কেবলই ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র।
ঈদের প্রকৃত শিক্ষা কিন্তু শুধু নিজের আনন্দ নয়, বরং ত্যাগের মহিমায় অন্যকে আপন করে নেওয়া। পবিত্র কোরআন ও সুন্নাহ আমাদের শিখিয়েছে—প্রতিটি সামর্থ্যবান মানুষের সম্পদে দরিদ্রের অধিকার রয়েছে। তাই যাকাত ও ফিতরা কেবল দয়া নয়, এটি তাদের প্রাপ্য অধিকার। আমাদের সামান্য একটু সহানুভূতি, একটি নতুন জামা কিংবা একবেলা ভালো খাবারের নিশ্চয়তা একটি অভাবী শিশুর মুখে যে হাসি ফোটাতে পারে, তার চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে?
আসুন, এই ঈদে আমরা নিজেদের স্বার্থের দেয়াল ভেঙে বেরিয়ে আসি। আমাদের বাড়তি আনন্দটুকু ভাগ করে নিই সেইসব মানুষের সাথে, যারা আনন্দ শব্দটির মানেই ভুলতে বসেছে। আমাদের ত্যাগের মাধ্যমেই পূর্ণতা পাক ঈদের মাহাত্ম্য। আনন্দ কেবল আমার বা আপনার ঘরে নয়, বরং ছড়িয়ে পড়ুক প্রতিটি জীর্ণ কুটিরে। তবেই সার্থক হবে আমাদের সিয়াম সাধনা, সার্থক হবে ঈদের উৎসব।
লেখক :-
সোমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!