পানিতে বর্জ্য ফেলা থেকে বিরত হই

ঢাকার সদরঘাট বাংলাদেশের অভ্যন্তরীণ জলপথে চলাচলের জন্য ব্যস্ততম এলাকা। কিন্তু লঞ্চঘাটে বুড়িগঙ্গার পানি কালো আকার ধারণ করে আছে। পানিতে পড়ে আছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ আরো নানান বর্জ্য। শুধু সদরঘাট নয়, বাংলাদেশের বেশিরভাগ লঞ্চঘাটের চিত্রই একই রকম। আর এই খারাপ অবস্থার জন্য আমরা মানুষেরাই দায়ী। এই বর্জ্যগুলো আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য খুবই ভয়াবহ। বর্জ্যের ফলে পানিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে পড়ছে। তাছাড়া আমাদের ফেলা প্লাস্টিকের প্যাকেট, বোতল বা অন্যান্য বর্জ্যে পানি দূষিত হচ্ছে। পানি পরিবেশের অতীব গুরুত্বপূর্ণ উপাদান। এই পানি দূষণের প্রভাব পড়ছে আমাদের সামগ্রিক জীবন ও পরিবেশের ওপর; যা আমাদের জীবনকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই আসুন আমরা পানিতে বর্জ্য ফেলা থেকে বিরত হই। আমাদের ব্যবহৃত টিস্যু বা পলিথিনের প্যাকেট আমরা লঞ্চের ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলি।
মো. সিফাতুল্লাহ তাসনীম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

