বুড়িমারী থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চাই
বুড়িমারী থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চাই
লালমনিরহাট একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। এ জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের সঙ্গে পাথর ও অন্যান্য কাঁচামালের আমদানি-রপ্তানি হয় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কিন্তু দুঃখের বিষয় এ জেলার রেল যোগাযোগ এখনো যথেষ্ট উন্নত নয়। সরকারের পক্ষ থেকে বুড়িমারী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হলেও লালমনিরহাট সদর ছাড়া বাকি উপজেলাগুলোর মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। লালমনিরহাট থেকে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও কোনোটিই সরাসরি বুড়িমারী পর্যন্ত যায় না। বিকল্প হিসেবে চালু রাখা শাটল ট্রেনটি চাহিদার তুলনায় সম্পূর্ণ অপ্রতুল।
তদুপরি লোকাল ট্রেনগুলো মাঝপথে বিকল হওয়া কিংবা ইঞ্জিনে আগুন লাগার মতো ঘটনা যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু করে বিদ্যমান ট্রেনগুলোর মান ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। এতে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
ইমেইল majharulislam1842003@gmail.com
