সোমবার, ৮ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নকল নয়, পাঠ্যবই বড় সমস্যা

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ৮ জুন ২০২৬ পাঠ: ৩ বার

নকল নয়, পাঠ্যবই বড় সমস্যা

 

মো. মাজহারুল ইসলাম

বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একসময় নকল ও প্রশ্ন ফাঁস মহামারি আকারে রূপ নিয়েছিল। বর্তমানে সে সমস্যা আর নেই। ফলে এত দিন পর আবার সেই নকল দূর করার উদ্যোগ ঘিরে নানা মহলে তীব্র সমালোচনা ও হাস্যরস পরিস্থিতির জন্ম দিয়েছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে নকল বড় মাত্রার কোনো সমস্যা নয়। দীর্ঘ দেড় দশকের মাফিয়া শাসনামলে যেখানে পুরো শিক্ষাব্যবস্থাকেই ধ্বংস করা হয়েছে, সেখানে নকল দূর করা নিয়ে তৎপরতা অনেকের কাছে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে প্রয়োজন পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো। দেশের শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। অথচ সেই স্তর দুটিতেই শিক্ষার মান, শিক্ষকদের মূল্যায়ন ও বাজেট বরাদ্দে দীর্ঘদিন ধরে উদাসীনতা চলে আসছে। নকল বন্ধ করতে বছরের পর বছর আলোচনা হয়েছে, নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু প্রতিদিনের পাঠদানে শিক্ষার যে সংকট জমছে, সেদিকে তেমন দৃষ্টি দেওয়া হচ্ছে না। বর্তমানে নকলের প্রবণতা আগের তুলনায় অনেকটাই কমেছে। পরীক্ষা পদ্ধতি বদলে যাওয়ায় পুরোনো কায়দায় নকল করাও আর সহজ নয়। তাই যে সমস্যা এমনিতেই কমছে, তা নিয়ে মাথা না ঘামিয়ে যে সংকট এখনো বাড়ছে, সেদিকে মনোযোগ দেওয়াটা এখন বেশি দরকার।

প্রাথমিক শিক্ষার মানের দুর্বলতা মাধ্যমিকে এসে আরও প্রকট হয়। পাঠ্যপুস্তকের অবস্থাও উদ্বেগজনক। অতিরিক্ত নিয়মাবদ্ধতা, গৎবাঁধা বিষয়বস্তু, সময় অনুপযোগী পাঠ্যবই চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের ওপর। শিশুর বুদ্ধি বিকাশের স্তর ও বোঝার ক্ষমতা বিবেচনায় না নিয়ে বই লেখা হয়। শিক্ষকদের অবস্থাও শোচনীয়। প্রশিক্ষণ কার্যক্রম চলছে বটে, কিন্তু সেটা মাঠে কতটা কাজে আসছে, তা কেউ ঠিকমতো যাচাই করে দেখে না। শহর ও গ্রামের মধ্যে বৈষম্যটাও কম বড় নয়।

আমরা এমন এক সংস্কৃতি তৈরি করেছি, যেখানে পাসের হার সাফল্যের প্রমাণ আর জিপিএ-৫ গর্বের বিষয়। ভালো ফল দেখাতে গিয়ে শেখার আসল সংকট আড়ালে পড়ে যাচ্ছে। এই সংস্কৃতির বদল না হলে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কাজেই সরকারকে শুধু নকল ঠেকানোর চিন্তা না করে শিক্ষার মূল সংকটে হাত দিতে হবে। নইলে সনদধারী অথচ অশিক্ষিত মানুষ তৈরির এ ধারা থামবে না এবং বেকারত্বের বোঝা কাঁধে নিয়ে তরুণ প্রজন্মকে পথ হাঁটতে হবে।

লেখক : শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!