হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এ উপজেলার মানুষের একমাত্র চিকিৎসার ভরসা। অথচ এই হাসপাতালে এসে সাধারণ মানুষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। ৫০ শয্যার এই হাসপাতালে আন্তঃবিভাগ ও বহিঃবিভাগে প্রতিদিন শত শত রোগী আসেন। সকাল থেকেই রোগীদের দীর্ঘ লাইন দেখা যায় কিন্তু জায়গা ও সুযোগ সুবিধার অভাবে বেশিরভাগই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। জনবলের অভাব ও যন্ত্রপাতি বিকল থাকায় জরুরি পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয় না। আবার অনেক চিকিৎসক হাসপাতালে নামমাত্র দায়িত্ব পালন করে প্রাইভেট ক্লিনিকে চেম্বার করেন। গুরুতর রোগীকেও সময়মতো সেবা না দিয়ে অন্যত্র রেফার করা হয়। সরকারি অ্যাম্বুলেন্সও জরুরি প্রয়োজনে মেলে না ফলে গরিব রোগীকে বেশি ভাড়ায় বেসরকারি যানবাহনে রংপুর বা লালমনিরহাট সদর হাসপাতালে ছুটতে হয়।
এ উপজেলার মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবিলম্বে ১০০ শয্যায় উন্নীত করে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, জনবল ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হোক পাশাপাশি ডাক্তাররা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়ে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের শুভদৃষ্টি কামনা করছি।
লেখক মোঃ মাজহারুল ইসলাম
