আইডি কার্ড চাই

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় কর্তৃক আবাসিক হল কার্ড দেওয়া হলেও কেন্দ্রীয়ভাবে কোনো আইডি কার্ড দেওয়া হয় না। যার জন্য প্রায়ই সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় অবস্থান করেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের বাইরের বাসে যাতায়াতের সময় তাঁরা হাফ ভাড়া প্রদান করে থাকেন। হাফ ভাড়া প্রদানের সময় তাঁদের আইডি কার্ড প্রদর্শন করতে হয়। কিন্তু কেন্দ্রীয় কোনো আইডি কার্ড না থাকায় বাধ্য হয়ে তাঁদের হল কার্ড দেখাতে হয়। এ ছাড়া রাস্তাঘাটে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীরা কেন্দ্রীয় আইডি কার্ডের অভাবে নিজেদের পরিচয় সঠিকভাবে প্রদান করতে ঝামেলার শিকার হন। অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ইবিতেও কেন্দ্রীয় আইডি কার্ড প্রদান করা এখন সময়ের দাবি। ইবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষার্থীদের সব ভোগান্তি দূর করতে দ্রুতই কেন্দ্রীয় আইডি কার্ডের ব্যবস্থা করা হোক।

