ভেজাল গুড় বন্ধে চাই পদক্ষেপ

ভেজাল গুড় বন্ধে চাই পদক্ষেপ
সম্প্রতি বাজারে পচা গুড়ের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তা নতুন ও উন্নতমানের গুড় হিসেবে বিক্রির অভিযোগ উদ্বেগজনকভাবে বাড়ছে। আরও ভয়াবহ বিষয় হলো, অনেক ক্ষেত্রে আখের রস ব্যবহার না করে চিনি, কৃত্রিম রং, ফ্লেভার ও রাসায়নিক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। প্রকৃত গুড় আখের রস জ্বাল দিয়ে তৈরি হওয়ার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নিম্নমানের উপাদান ব্যবহার করছে। পচা গুড়ে স্বাভাবিকভাবেই ছত্রাক ও জীবাণু জন্মায়। এসব ঢাকতে রাসায়নিক ব্যবহার করা হলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। এ ধরনের গুড় খেলে পেটব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যে বিষক্রিয়া, আলসার, লিভার ও কিডনির জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে শরীরে বিষক্রিয়া তৈরি হয়ে মারাত্মক রোগের ঝুঁকি বাড়াতে পারে। শিশু ও বয়স্করা বিশেষভাবে রয়েছে ঝুঁকিতে। গুড় আমাদের ঐতিহ্যবাহী খাদ্যপণ্য। তাই জনস্বার্থে বাজারে কঠোর নজরদারি, নিয়মিত মান পরীক্ষা এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক মুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ জরুরি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে, এই প্রত্যাশা করছি।

