অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হোক

- বর্তমানে বাজারে যেভাবে ভেজাল ও বিষাক্ত গুড় বিক্রি হচ্ছে, তা জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। পচা গুড়ের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিশেষ করে হাইড্রোজেন পার-অক্সাইড জাতীয় উপাদান মিশিয়ে তা নতুন ও উন্নতমানের গুড় হিসেবে বাজারজাত করা হচ্ছে। শুধু তাই নয়, আখের রস ছাড়াই চিনি, কৃত্রিম রঙ, ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণামূলক এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। প্রকৃত গুড় তৈরি হয় আখের রস জ্বাল দিয়ে। কিন্তু বর্তমানে অসাধু কিছু ব্যবসায়ী উৎপাদন খরচ কমাতে ও অধিক মুনাফার আশায় নিম্নমানের উপাদান ব্যবহার করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি বাজারে কঠোর নজরদারি বৃদ্ধি, নিয়মিত মান পরীক্ষার ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
মুহাম্মদ শাফায়াত হুসাইন
শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৬ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।

