বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিদ্যুৎ বাচাঁনোর বিকল্প অনলাইন পাঠদান নয়।

Author

আশা মনি , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ পাঠ: ২৪ বার

বিদ্যুৎ বাঁচানোর বিকল্প অনলাইন পাঠদান নয়।

সম্প্রতি দেশে বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে। যার ফলে সরকার বিদ্যুৎ সংকট প্রতিরোধে ঢাকার কিছু স্কুলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদানের সময়কাল কমিয়ে ৩ দিনে নিয়ে এসেছে এবং বাকি ৩ দিন অনলাইনে শ্রেণি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এতে যেন নদীর একুল বাঁচাতে গিয়ে ওকুল ধ্বংস করার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতে করোনা মহামারীতে, একটি দীর্ঘ সময় অনলাইন পাঠদানের কার্যক্রমে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ও ইন্টারনেটের অতিব্যবহারের ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে যা কাটিয়ে উঠতে এখনো বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী এমনভাবে ডিভাইস আসক্ত হয়েছে যার ফলে তাদের কেবল শিক্ষা জীবনই ধ্বংস হয়নি বরং অনেকের পুরো জীবনই শেষ হয়ে গেছে। অতি ছোট ছেলে-মেয়েরা মোবাইল আসক্তির ফলে চোখ, ব্রেণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক শারিরীক বিকাশ ধ্বংস হয়ে গেছে। নতুন করে আবার দেশের শিক্ষা কার্যক্রম অনলাইন মাধ্যম হয়ে গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে বলেই আশঙ্কা করছে সচেতন অভিভাবক ও শিক্ষাবিদরা।

তাই আমাদের অভিমত হল জ্বালানি সঙ্কট মোকাবেলার আরো অনেক উপায় আছে। সেসব বিকল্প পথ অনুসরণ করা হোক। দেশে ব্যাপকভাবে প্রাইভেট কার বৃদ্ধি পেয়েছে। যাত্রীবহনের অ্যাপের সঙ্গে যুক্ত নয় এমন সব সরকারি বেসরকারি প্রাইভেটকারে সরকার আপাতত তেল গ্যাস প্রদান বন্ধ রাখতে পারে। তা ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও বর্তমানে সিলিন্ডার গ্যাস ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। গ্রামে কাঠ,লাকড়িসহ রান্নার অনেক বিকল্প ব্যবস্থা  আছে। তাই সরকারের উচিত অন্তত জেলা শহর কিছু উপজেলা শহর ছাড়া গ্রাম পর্যায়ে সিলিন্ডার গ্যাস সরবরাহ কঠোরভাবে বন্ধ করে দেওয়া। তা ছাড়া দেশে মটর সাইকেল ব্যবহারও ব্যাপকভাবে বেড়েছে। এক থেকে দুইজন যাত্রীর পেছনে বিপুল পরিমান গ্যাস খরচ করতে হয়। তাই  অ্যাপের সঙ্গে যুক্ত নয় এমন মটর সাইকেলেও সাময়িকভাবে গ্যাস সরাবরাহ বন্ধ রাখা যেতে পারে। এতে করে অনেক জ্বালানি সাশ্রয় হবে। তা ছাড়া দেশে দ্রুত সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন কাটুক শিক্ষক, লাইব্রেরি, বন্ধু-বান্ধব ও খেলার মাঠের সংস্পর্শে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের মৌলিক অধিকার সংকোচন না করে, বিকল্প কোনো সমাধান বের করা হোক।

আশা মনি, ইংরেজি বিভাগ, ইডেন মহিলা কলেজ।

লেখক: সাধারণ সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১২ এপ্রিল ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!