সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রাসূল (সা.)-কে অনুসরণের অঙ্গীকারের মাস হোক রবিউল আউয়াল

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ৪ আগস্ট ২০২৬ পাঠ: ২১ বার

‎রবিউল আউয়াল মানবতার পরম বন্ধু হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাস। এ মাসকে ঘিরে আমাদের দেশে আগ্রহ আর আয়োজনের কমতি নেই। প্রতিবছর মিলাদ, মাহফিল, জশনে জুলুস, সভা-সমাবেশের মাধ্যমে উদযাপিত হয় রবিউল আউয়াল। এ যেন রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আমাদের পরম ভালোবাসার বহিঃপ্রকাশ।

‎কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়! সেটি হলো, নবীজির প্রতি এই ভালোবাসার তুলনায় তাঁর অনুসরণে আমরা কতটুকু অগ্রগামী? শুধু আবেগই কি যথেষ্ট? নাকি তাঁর সুন্নাহভিত্তিক জীবনযাপনের প্রয়োজনীয়তা রয়েছে? শুধু ভালোবাসা কি রবের সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে? আমরা কুরআন–সুন্নাহর আলোকে তা জানার চেষ্টা করব।
‎রাসূলে কারীম (সা.) মানবজাতির সর্বোত্তম আদর্শ হিসেবে আবির্ভূত হয়েছেন। মহান আল্লাহ তায়ালা এ প্রসঙ্গে বলছেন, ‘‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ।’’ (সূরা আল-আহযাব: ২১) নববী আদর্শের অনুসরণ এবং তাঁর সুন্নাহকে ধারণ করা আল্লাহ তায়ালার ভালোবাসা ও ক্ষমা লাভের মাধ্যম। এর ফলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন; সে তার রবের নিকটবর্তী হয়, ভালোবাসায় সিক্ত হয়। বান্দাকে পরম দয়া আর ক্ষমার সুসংবাদ দিয়ে আল্লাহ তায়ালা বলেন, “(হে নবী!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আলে ইমরান: ৩১)
‎আমাদের যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ আজ অপরিহার্য। ব্যক্তিজীবন, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি অঙ্গন নববী আদর্শে ঢেলে সাজানো অতীব জরুরি। ব্যক্তিগত জীবনে সময় ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, আত্মসংযম, ইবাদত, পোশাক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাস, পারিবারিক জীবনে তাঁর দায়িত্ববোধ, পারস্পরিক আচরণ এবং সামাজিক জীবনে মানুষের সঙ্গে আচরণ, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ ও অধিকার রক্ষা, ন্যায়বোধ কিংবা নেতৃত্বের ক্ষেত্রে যে আদর্শ তিনি রেখে গিয়েছেন—তা মেনে চলার মাধ্যমে আমাদের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে।
‎কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, তাঁর জীবন ও আদর্শ অনুসরণের চেয়ে আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাঁর আগমন উপলক্ষে আয়োজিত নানা সভা-সেমিনার, জশনে জুলুস, ও এমন আবেগ-উচ্ছ্বাস, যার সঙ্গে তাঁর সুন্নাহ অনুসরণের সম্পর্ক সামান্যই।
‎সমগ্র বিশ্ববাসীর শিক্ষক হিসেবে যিনি প্রেরিত হয়েছেন—তাঁর আদর্শ থেকে কতটুকু শিক্ষা নিয়েছি, আর তা অনুসরণে আমরা কতটা তৎপর—সেটিই আজ ভাববার বিষয়।
‎কথাবার্তা, আচরণ ও ব্যক্তিগত জীবনে আমরা কতটা শালীন ও আদর্শবান? এই রবিউল আউয়ালে রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণের মাধ্যমে মহান রবের ক্ষমা পেতে আমরা কতটুকু প্রস্তুত? এই প্রশ্নের উত্তর যেদিন আমরা খুঁজে পাব, মহান আল্লাহর দয়া আর ভালোবাসার বেষ্টনীতে আমাদের জীবন হয়ে উঠবে প্রাণবন্ত, অর্থবহ ও জান্নাতোপযোগী।
লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৪ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।