বুড়িমারী থেকে চাই সরাসরি আন্তঃনগর ট্রেন
বুড়িমারী থেকে চাই সরাসরি আন্তঃনগর ট্রেন
বুড়িমারী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হলেও লালমনিরহাট সদর ছাড়া বাকি উপজেলাগুলোর মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। লালমনিরহাট থেকে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও কোনোটিই সরাসরি বুড়িমারী পর্যন্ত যায় না। বিকল্প হিসেবে চালু রাখা শাটল ট্রেনটি চাহিদার তুলনায় অপ্রতুল। তদুপরি লোকাল ট্রেনগুলো মাঝপথে বিকল হওয়া কিংবা ইঞ্জিন আসতে দেরি হওয়ার মতো ঘটনায় যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু করে বিদ্যমান ট্রেনগুলোর মান ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। এতে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
মো. মাজহারুল ইসলাম
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ , বগুড়া
