সচেতন নাগরিকই একটি সভ্য জাতির প্রকৃত সম্পদ
https://epaper.bd-bulletin.com/share.php?q=2026/06/21/4/details/4_r6_c4.jpg
সচেতন নাগরিকই একটি সভ্য জাতির প্রকৃত সম্পদ
মানুষের দৈহিক বৃদ্ধি হলেই যে তার মানসিক, বুদ্ধিক পরিপক্কতা জন্মে এমনটা কিন্তু নয়। একটি দেশের উন্নয়নও কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতির ওপর নির্ভর করে না। এর পশ্চাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেই দেশের সচেতন নাগরিক। সচেতন নাগরিকই একটি সভ্য জাতির প্রকৃত সম্পদ। তারা নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত থাকেন, আইন মেনে চলেন, সামাজিক মূল্যবোধকে ধারণ করেন এবং দেশের স্বার্থে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাই উন্নত দেশের চাবিকাঠি হলো সেই দেশের সচেতন নাগরিক। সচেতন নাগরিক বলতে এমন ব্যক্তিত্যুকে বোঝায়, যিনি নিজের দায়িত্ব সম্পর্কে অবগত এবং তা পালনে যথেষ্ট আন্তরিক। তিনি নিজ পরিবার, সমাজ, রাষ্ট্র ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করেন। দেশের আইনকানুন মেনে চলা, নিয়মিত কর প্রদান, ভোটাধিকার প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যের অধিকারকে সম্মান করা একজন সচেতন নাগরিকের অন্যতম বৈশিষ্ট্য। এই ধরনের নাগরিক যে দেশে যত বেশি হবে, সেই দেশ তত বেশি উন্নতির পথে এগিয়ে যাবে। একটি দেশের উন্নয়নে নাগরিক সচেতনতার প্রভাব বহুমাত্রিক। সচেতন নাগরিক আইন ও নিয়মকানুন মেনে চলেন। ফলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং অপরাধপ্রবণতা ক্রমশ কমে যায়। যেখানে মানুষ ট্রাফিক আইন মেনে চলেন, সরকারি সম্পদের সঠিক ব্যবহার করেন এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে জীবনযাপন করেন, সেই দেশের উন্নয়ন কার্যক্রমও দ্রুত বাস্তবায়িত হয়। উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকালে আমরা এর বাস্তব উদাহরণ দেখি। দুর্নীতি প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। যখন নাগরিকগণ অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন, তখন দুর্নীতি আর মাথাচাড়া দিতে পারে না। ফলে দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হয় এবং উন্নয়ন কার্যক্রম ফলপ্রসূ হয়। পরিবেশ রক্ষায়ও সচেতন নাগরিকের ভূমিকা অপরিহার্য। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃক্ষরোপণ প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার একজন সচেতন নাগরিকের দায়িত্ব। নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব, যা টেকসই উন্নয়নের জন্য জরুরি। এছাড়াও শিক্ষিত ও সচেতন নাগরিক গণতন্ত্রকে শক্তিশালী করেন। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তাই নাগরিকদের রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন ভোটার যোগ্য নেতৃত্ব নির্বাচন করেন এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে ইতিবাচক ভূমিকা পালন করেন। অন্যদিকে অজ্ঞতা ও উদাসীনতা গণতন্ত্রকে দুর্বল করে এবং সমাজে নানামুখী বিকৃত সংকটের জন্ম দেয়। বর্তমান বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি চলমান রয়েছে। তবেএই উন্নয়নকে টেকসই ও অর্থবহ করতে হলে নাগরিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শুধু সরকারের উদ্যোগ এতে যথেষ্ট নয়; দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। রাস্তা নোংরা না করা, কর ফাঁকি না দেওয়া, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করা। এসব ছোট ছোট কাজই একটি উন্নত জাতি গঠনের ভিত্তি। বাংলাদেশ তরুণপ্রধান দেশ। তরুণেরা যদি প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করেন, সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসেন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে। কারণ আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। উন্নত দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সচেতন নাগরিকের কোন বিকল্প নেই। উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি রাষ্ট্র ও নাগরিকের যৌথ প্রচেষ্টার ফলাফল। প্রত্যেক ব্যক্তি যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং দেশের কল্যাণকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দেন, তাহলে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার হওয়া উচিত নিজে সচেতন হব, অন্যকেও সচেতন করব এবং দেশকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করব। এভাবেই গড়ে উঠবে একটি কাঙ্ক্ষিত উন্নত, স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশ।
